March 13, 2026
ঢাকা: আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন নতুন বার্তা ডটকমকে একথা নিশ্চিত করেছেন। আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ফলে বর্তমান সংসদের মেয়াদ শেষের আগের ৯০ দিনের মধ্যে অর্থাৎ ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারির মধ্যে আগামী দশম সংসদ নির্বাচন হবে। সংসদের চলতি অধিবেশন ২৪ অক্টোবর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে কার্যউপদেষ্টা কমিটির। এর মধ্যে ‘নির্দলীয় সরকার পদ্ধতির’ বিল সংসদে পাস না করলে ২৫ অক্টোবর থেকে সরকার পতনের কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাদের বলেছেন, ২৪ অক্টোবরের পর সংসদ চলতে পারবে না, এটা সংবিধানের কোথাও লেখা নেই।
এরই মধ্যে আগামী ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দিন আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছে। দুই দলের পাল্টাপাল্টি অবস্থান ও প্রস্তুতিতে ২৫ অক্টোবর নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের শেষ সময়ে এসে প্রধানমন্ত্রী তার এই ভাষণে জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি, সরকারের ভবিষ্যৎ কর্মপন্থা এবং বিশেষ করে বিরোধী দলের আসন্ন কর্মসূচির পরিপ্রেক্ষিতে দেশে যে শঙ্কা বিরাজ করছে সেসব বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী এমন এক সময়ে এই ভাষণ দিচ্ছেন যখন আগামী সাধারণ নির্বাচনকে ঘিরে প্রধান দুটো রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
ইকবাল সোবহান চৌধুরী জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধাপরাধীদের বিচার, বর্তমান সংসদের মেয়াদ ইত্যাদি বিষয় এই বক্তব্যে তুলে ধরা হবে।
তিনি বলেন, “বিরোধী দলের কর্মসূচিকে ঘিরে অনেকেই সহিংসতার আশঙ্কা করছেন। এই প্রেক্ষিতে জনগণের মধ্যে যাতে কোনো শঙ্কা তৈরি না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।” তথ্য উপদেষ্টা জানান, গুরুত্বপূর্ণ এই ভাষণে কিছু ইঙ্গিত থাকবে যাতে দেশের মানুষ স্বস্তি পায় ও গণতন্ত্র অব্যাহত থাকে। একই সাথে গত পাঁচ বছরে এই সরকারের কাজের তালিকাও জাতির সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।