February 18, 2026
ঢাকা: ১০ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের পুন:তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত ২৯ মার্চ শনিবারের পরিবর্তে এখন আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন পুন:তফসিল ঘোষণা করে। পুন:তফসিল অনুসারে প্রাপ্য আসন অনুসারে সংসদে প্রতিনিধিত্বকারী বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের জোটের স্ব স্ব দলের মনোনীত প্রার্থীদের নাম প্রস্তাব ও মনোনয়নপত্র দাখিল করতে হবে আগামী ৯ মার্চ সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ইসি কার্যালয়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১১ মার্চ ইসি কার্যালয়ে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। ১৮ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে একই স্থানে। ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় ও বিএনএফের জোট পাবে ৪১টি আসন। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ৬টি এবং বাকি ৩টি মহিলা আসন পাবে ১৬ জন স্বতন্ত্র এমপির জোট।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে যুগ্মসচিব জেসমিন টুলিকে। সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপসচিব মিহির সারোয়ার মুর্শিদ। পোলিংকর্মকর্তারা হলেন সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন ও সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১০ম সংসদের জন্য গেজেটে প্রকাশিত ২৯৭ জন এমপি (নির্বাচিত এমপির মৃত্যুতে শূন্য আসন টাঙ্গাইল-৮) এবার ৩টি পৃথক জোটে বিভক্ত হয়ে সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন এমপি নির্বাচন করবেন। সরকারি দল ও বিরোধী দলের বাইরে হাজি মোহাম্মদ সেলিমের নেতৃত্বে স্বতন্ত্র জোট এই প্রথম সংসদের সংরক্ষিত মহিলা আসনে ভাগ পাচ্ছে বলেও জানা গেছে। এর আগে গত রোববার আগামী ২৯ মার্চ শনিবার ভোটগ্রহণের দিন রেখে সংরক্ষিত মহিলা আসনের এমপি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ। রোববার সকালে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র জোটের আসন সংখ্যার অনুপাতিক হারে জোটের সংরক্ষিত মহিলা আসনের তালিকা ইসি থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়। একই সময়ে সর্বসাধারণের দেখার জন্য সে তালিকা ইসি সচিবালয়েও টানানো হয়েছে।