April 25, 2026
নিউজ ডেস্ক : সৌদি আরবে প্রকল্প বাস্তবায়ন সময়মত না হওয়ায় দেশটির সরকার অন্তত দেড় হাজার ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করতে যাচ্ছে। দেশটির ন্যাশনাল কমিটি ফর কনট্রাকটরস এট দি কাউন্সিল অব সৌদি চেম্বারস’এর চেয়ারম্যান ফাহাদ আল-হাম্মাদি বলেছেন, সময় মত কাজ না হওয়ায় সরকারি উন্নয়ন প্রকল্পের ৪০ ভাগ কাজ পিছিয়ে পড়েছে। তাই সৌদি সরকার এসব প্রকল্পের সঙ্গে জড়িত দেড় হাজার ঠিকাদারকে কালোতালিকাভুক্ত করে তাদের কাছ থেকে প্রকল্পের কাজ প্রত্যাহার করে নেবে। ফাহাদ আল-হাম্মাদি বলেন, এ ধরনের গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। যেমন কিং আব্দুল্লাহ ফিনান্সিয়াল সিটির কাজ এক বছর পিছিয়ে গেছে। তবে শ্রমিক স্বল্পতার কারণে অধিকাংশ প্রকল্পের কাজে জটিলতা সৃষ্টি হয়েছে বলে ঠিকাদারদের পক্ষ থেকে বলা হচ্ছে। সৌদি আরবে অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে এবং হাজার হাজার বিদেশি শ্রমিককে আটক কিংবা তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। এছাড়া নতুন শ্রম আইন করায় অনেক শ্রমিক প্রতিষ্ঠানের পক্ষে লোকবল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সৌদি সরকারের তথ্যানুযায়ী, বিভিন্ন প্রকল্প কাজে জটিলতা সৃষ্টি হওয়ায় অন্তত ১শ’ বিলিয়ন সৌদি রিয়েল মূল্যের কাজ স্থবির হয়ে পড়েছে। পৌরসভার নেওয়া ৬০ হাজার প্রকল্পের কাজ আটকে গেছে। যার মধ্যে ২৫ হাজার প্রকল্প হচ্ছে যোগাযোগ খাতের, ২০ হাজার প্রকল্প রয়েছে অবকাঠামো খাত, জনশিক্ষা খাতে ১৫ হাজার ও উচ্চ শিক্ষা খাতে ১০ হাজার প্রকল্পের কাজ এখন অচল হয়ে আছে।
সূত্র: আরব নিউজ