April 16, 2026
মেহেদী হাসান বাবু: এক অন্যরকম উচ্চতায় আছেন এই সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ। কারণ অতিসম্প্রতি মুক্তি পাওয়া ‘ছূঁয়ে দিলে মন’ চলচ্চিত্রটি খুব ভালো ব্যবসা করেছে। তাই শুভ’র নতুন চলচ্চিত্রের প্রতিও দর্শকের আশা অনেক বেড়ে গেছে। যদি আর নতুন কোন চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়ে অভিনয় না করেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি তাহলে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রটিই হবে এই জুটির শেষ চলচ্চিত্র।
‘ম্যাপল ফিল্মস’র ব্যানারে ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন টপি খান। তিনি জানান এরইমধ্যে সারাদেশের ৮৩টি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দেয়ার ব্যাপারে চুড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে প্রযোজনা সংস্থাটি। ছবিটি আগামীকাল ১ মে শুক্রবার মুক্তি পাবে। আরিফিন শুভ ও মাহিয়া মাহি দু’জনই আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পের চলচ্চিত্র ‘ওয়ার্নিং’-এ সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এক কথায় বিন্দাস একজন কো-আর্টিস্ট মাহিয়া মাহি। প্রাণবন্ত একজন শিল্পী। ভীষণ ভালোলালেগেছে তারসঙ্গে কাজ করে। ওয়ার্নিং আমার অনেক চেষ্টার একটি চলচ্চিত্র। আমার বিশ্বাস চলচ্চিত্রটি সবশ্রেণীর দর্শকের ভালোলাগবে।’
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘শুভ’র সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ ছিলো। আমরা দু’জনেই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। শুভ সবসময়ই খুব সহযোগিতা পরায়ণ একজন সহশিল্পী। তার বন্ধুত্বপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করে। ‘ওয়ার্নিং’ আমার স্বপ্নের একটি চলচ্চিত্র, অনেক ভালোলাগার, ভালোবাসার একটি চলচ্চিত্র। আমার ভক্ত দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে নতুনরূপে একেবারেই গতানুগতিক গল্পের বাইরে একটি চলচ্চিত্র ‘ওয়ার্নিং’ দেখতে সবাই যেন হলে যান।’
শুভ ও মাহি প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ চলচ্চিত্রে। ‘ওয়ার্নিং’-এর পর তারা যদি আর জুটিবদ্ধ হয়ে অভিনয় না করেন তাহলে ‘ওয়ার্নিং’-ই হবে এই জুটির শেষ চলচ্চিত্র। ‘ওয়ার্নিং’ চলচ্চিত্রের গান লিখেছেন কবির বকুল। সবগুলো গানের সুর সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন। গান গেয়েছেন জেমস, শাফিন আহমেদ, রূপম, সায়মন, কনা, ন্যান্সি, তৌসিফ ও রুমা। এদিকে অতি সম্প্রতি মুক্তি পাওয়া আরিফিন শুভ অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে শুভর অনবদ্য অভিনয় দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে।
আশা করা যাচ্ছে ‘ওয়ার্নিং’ চলচ্চিত্র দিয়ে শুভ আরো একধাপ এগিয়ে নিয়ে যাবেন নিজেকে। চলতি বছরে মাহিয়া মাহি অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। একটি ‘রোমিও বনাম জুলিয়েট’ ও অন্যটি ‘বিগ ব্রাদার’। দুটিতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ ও শিপন। শনিবার কলকাতার উদ্দেশ্যে উড়াল দিবেন মাহিয়া মাহি ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি-টু’ চলচ্চিত্রের কাজ শেষ করতে। এদিকে আগামীকাল আরিফিন শুভ একটি এ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন।