May 6, 2026
ঢাকা: যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের পুত্রবধূ শামারুখ মাহজাবিন সুমির বাম হাতের কব্জির উপর একটা কাটা দাগের চিহ্ন পাওয়া গেছে। ফলে ধারালো অস্ত্র দিয়ে কেউ তাকে আঘাত করার প্রমাণ হিসেবে এই চিহ্নকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। তবে পূর্ণাঙ্গ ময়নাতদন্ত রিপোর্ট আসার আগে স্পষ্ট করে কিছুই বলা যাবে না।
সোমবার শামারুখের ময়না তদন্তের অগ্রগতী জানতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক সোহলে মাহমুদের সঙ্গে কথা বললে তিনি বাংলামেইলকে এমন তথ্যই দিলেন।
তিনি বলেন, ‘শামারুখের বাম হাতের যে কাটা দাগ তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কোনো ধারালো অস্ত্রের আঘাত।’
ময়না তদন্তের চূড়ান্ত প্রতিবেদন কবে হস্তান্তর করা হবে জানতে চাইলে ফরেনসিক বিভাগের এই অধ্যাপক বলেন, ‘ময়না তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু তার গলার টিস্যুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সবকিছু ঠিকমত এগুলে এ সপ্তাতেই প্রতিবেদন দেয়া যাবে।’
এদিকে এই মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলামের সাঙ্গে মামলর অগ্রগতী নিয়ে কথা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘আমরা অপেক্ষা করছি ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। আজ (সোমবার) সকালেও আমি নিজে ডাক্তারের কাছে গিয়েছিলাম শামারুখের ময়না তদন্ত প্রতিবেদনের খোঁজ নিতে। কিন্তু এখনো ময়না তদন্ত প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় আজ তা পাওয়া যায়নি। চিকিৎসক বলেছেন, প্রতিবেদন চূড়ান্তভাবে প্রস্তুত হওয়ামাত্রই আমাদের কাছে পাঠিয়ে দেবে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে শামারুখের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ওই রাতেই তার বাবা নুরুল ইসলাম যশোর থেকে এসে তার মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা হুমায়ন সুলতান সাদাফ, বেয়াই খান টিপু সুলতান ও বেয়ান ডা. জেসমিন আরা বেগমের বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগ অনুসারে পুলিশ সাদাফকে গ্রেপ্তার করলেও পুত্রবধূ হত্যা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন এই মামলার অন্যতম আসামি টিপু সুলতান ও তার স্ত্রী।