April 16, 2026
স্পোর্টস ডেস্ক,ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ছয়ে ছয়টি জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।
ইউরোপের সবচেয়ে কুলীন ফুটবল আসরটির গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুলগেরিয়ান ক্লাব লুদোগোরেটসকে ৪-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ দৈত্যরা। এই জয়ের মাধ্যমে টানা জয়ে নতুন রেকর্ড গড়লো রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে পেছনো ফেলে স্পেনের কোনো দল হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৯টি জয়ের নজির স্থাপন করলো ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমারা।
মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলার ২০ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভাঙ্গে রিয়াল। পেনাল্টি থেকে লস ব্লাঙ্কোসদের পক্ষে প্রথম গোলটি করেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে এটা পর্তুগিজ ইন্টারন্যাশনালের ৭২তম গোল। বিরতির ছয় মিনিট আগে স্বাগতিকদের স্কোরলাইন ২-০ করেন গ্যারেথ বেল। টনি ক্রুসের কর্নার থেকে হেডারে গোল করেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।
প্রায় এক বছর বাদে মাদ্রিদ অধিপতিদের পক্ষে প্রথম গোল করেন দলটির স্প্যানিশ ডিফেন্ডার আরবালো আরবেলোয়াও। খেলার ৭৯ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। তৃতীয় গোলের এই সুভাস মিলিয়ে যায়নি তখনো। এসময় লুদোগোরেটসের ৫৫ নম্বরধারী ডিফেন্ডার জর্জিও তেরজিভের সঙ্গে বল দখলের লড়াইয়ে নাকে চোট পেয়ে মাঠ ছাড়েন বেল।
খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান আলভারো মেদরান। আর নেমেই রিয়ালের পক্ষে প্রথম গোল করার কৃতিত্ব দেখান তরুণ স্প্যানিশ মিডফিল্ডার। শেষ বাঁশি বাজার দুই মিনিট আগে অতিথি দলের কফিনে শেষ পেরেক ঠুঁকেন রিয়াল একাডেমির এই ফুটবলার।
সেপ্টেম্বরে বাসেলের বিপক্ষে ৫-১ গোলের জয়ের পর থেকে সব ধরনের প্রতিযোগিতায় অপরাজিত রিয়াল, জিতেছে টানা ১৯ ম্যাচ। আর ছাপিয়ে গেছে বার্সেলোনার ২০০৫-০৬ সেশন গড়া টানা ১৮ জয়ের রেকর্ড। ফ্রাঙ্ক রাইকার্ড জামানায় কাতালনরা ওই রেকর্ড গড়েছিল। অথচ কার্লো আনচেলাত্তির শিষ্যরা মৌসুম শুরুর প্রথম পাঁচ ম্যাচেই কিনা তিনটিতে হেরেছিল।