May 2, 2026
ঢাকা: বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে।রিজার্ভে নতুন রেকর্ড বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান, বৃহস্পতিবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে ২২শ’ ৩৮ কোটি ডলার। মূলত অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স ও রফতানি আয় বৃদ্ধি এবং জাতিসংঘ মিশনে কর্মরত সেনা সদস্যদের ৩ কোটি ৬০ লাখ ডলারের একটি তহবিল আসায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে বলে তিনি জানান।

এর আগে গত ৫ নভেম্বর রিজার্ভ সর্বোচ্চ ২২শ’ ৩৬ কোটি ডলারে উঠেছিল। কাজী ছাইদুর জানান, অক্টোবরের তুলনায় নভেম্বরে রফতানিতে ২৪ শতাংশ এবং রেমিট্যান্সে ১৫ শতাংশ প্রবৃদ্ধি রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ফলে সম্প্রতি সময়ে ২২ কোটি ৮০ লাখ ডলার বিক্রির পরও রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে। এই রিজার্ভ দিয়ে বাংলাদেশের ৭ মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে থাকা ভারতের বর্তমান রিজার্ভ ৩১৩ বিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা পাকিস্তানের রিজার্ভের পরিমাণ ১৩শ’ কোটি ডলারের কিছু বেশি।
এর আগে গত ৭ আগস্ট রিজার্ভ ২২শ’ কোটি ডলার অতিক্রম করে। তবে আমদানি ব্যয় বৃদ্ধি এবং অক্টোবরে রফতানি ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তা নেমে আসে ২১শ’ কোটি ডলারের ঘরে। এরপর গত ৫ নভেম্বর রিজার্ভ আবার ২২শ’ কোটি ডলারের ঘর অতিক্রম করলেও কয়েকদিনের ব্যবধানে তা পুনরায় নেমে আসে ২১শ’ কোটি ডলারের ঘরে। সর্বশেষ গত সোমবার রিজার্ভ ফের ২২শ’ কোটি ডলার অতিক্রম করে। এর আগে গত ১৬ জুন বাংলাদেশ ব্যাংকে রক্ষিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২১ বিলিয়ন বা ২১শ’ কোটি ডলারের মাইলফলক অতিক্রম করে। আর এ বছরের ১০ এপ্রিল প্রথমবারের মতো ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায় রিজার্ভ।