April 23, 2026
ঢাকা: রাজনৈতিক সহিংসতা দমনে নামানো হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ডের (বিজিবি) বিশেষ ইউনিট। এ ইউনিটের নাম রীজন রিজার্ভ ব্যাটালিয়ন (আরআরবি)। এ ধরনের একটি ইউনিট এরইমধ্যে চট্টগ্রাম অঞ্চলে কাজ শুরু করেছে বলে সূত্রে জানা গেছে। গত জানুয়ারিতেই এ বিশেষ ব্যাটালিয়ন তৈরির কাজ শুরু হয়।
সরকারের নীতিনির্ধারকদের ধারণা সামনের দিনগুলোতে দেশে রাজনৈতিক সহিংসতা বাড়বে। শুধু পুলিশ এবং র্যাব দিয়ে ওই সহিংসতা দমন নাও করা যেতে পারে। নির্বাচন, নির্বাচনকালীন সরকার এবং যুদ্ধাপরাধের বিচার ইস্যুতে এ সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
লে. কর্ণেল পর্যায়ের একজন কর্মকর্তা প্রতিটি ব্যাটলিয়নের নেতৃত্বে থাকবেন। প্রত্যেক ব্যাটলিয়নে ৩৫ সদস্যের গোয়েন্দা ইউনিট থাকবে। নতুন ইউনিটগুলো আধুনিক অস্ত্র এবং প্রযুক্তিতে সমৃদ্ধ থাকবে। যেকোন স্থানে স্বাধীনভাবে অভিযান পরিচালনার এখতিয়ার দেয়া হবে ইউনিটগুলোকে। বেসামরিক প্রশাসনের অনুরোধেও সাড়া দিবে তারা।
পুলিশের ক্ষেত্রে অস্ত্র ব্যবহারে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেয়ার যে ধরণের বাধ্যবাধকতা রয়েছে আরআরবির ক্ষেত্রে ওই ধরনের বাধ্যবাধকতা থাকবে না।