May 9, 2026
নিউজ,ঢাকা: রাজধানীতে ৩টি যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার ঢাকার পল্টন, মালিবাগ, উত্তরা ও মতিঝিলে এসব ঘটনা ঘটেছে।
৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের বর্ষপূর্তির আগের দিন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
বর্ষপূতির দিনটিকে গণতন্ত্র পুনরুজ্জীন দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছলো ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে বিরোধীজোটের ঘোষণা ছিলো এদিনটিকে গণতন্ত্র হত্যাদিবস হিসেবে পালনের।
তবে রবিবার দুপরের দিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
এদিকে, দুপুর ১টা ৪০ মিনিটে পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসচালক সুমন জানান, ৫/৬ জন দুর্বৃত্ত এসে বাস থামাতে বলেন। বাস থামালে তারা যাত্রীদের নামিয়ে বাসে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করে।
এছাড়া উত্তরা ও মালিবাগে অপর একটি বাসে ও মতিঝিলে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর হাতিরঝিলে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।