March 6, 2026
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ পাসপোর্ট এবং জাল কাগজপত্রসহ আন্তর্জাতিক মানবপাচারকারীর চার সদস্যকে আটক এবং চার ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গত ২১ জুন মতিঝিল শাপলা চত্বর সংলগ্ন শাপলা ভবনের অষ্টম তলায় অভিযান চালিয়ে মহিদুল ইসলাম (৪৫), হিম্মত আলী (৩১), মো. রাসেল (২৩) ও মো, উজ্জ্বল খানকে (২০) আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এরা হলেন- আশরাফুল ইসলাম (৩৫), মো. আলী (৩৫), আবুল কালাম আজাদ (২৮) ও মো. সাইফুল ইসলাম (২৪)। প্রথম তিনজনের বাড়ি নওগাঁ পরের জনের বাড়ি জয়পুরহাট জেলায়। গতকাল মঙ্গলবার দুপুরে সিআইডির সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সিআইডির এএসপি ফজলুল কবীর। তিনি জানান, সাড়ে আটশ’ বাংলাদেশি পাসপোর্ট, ইরাক, দুবাই, লিবিয়া, মোজাম্বিক, মিশর, ওমান, সৌদি আরব, কাতার, ইথিওপিয়া, মালয়েশিয়া নাইরোবিসহ বিভিন্ন দেশের জাল ভিসা ও এয়ার টিকিট উদ্ধার করা হয়। এছাড়াও সাগরপথে বিদেশে মানবপাচারের জন্য শিপিং লাইনে ৪০টি ধারাবাহিক ডিসচার্জ জাল সনদ, বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল, ডিপার্চার, ইমিগ্রেশন ও বিভিন্ন দূতাবাসের জাল সিল-প্যাড উদ্ধার করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিদের ও পাচারকারীদের মূল হোতা মো. টিপু সুলতান, মুজিবুর রহমান ইসমাইলসহ মোট সাতজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু করা হয়েছে।