পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রফতানি নিষিদ্ধ হচ্ছে মরিচ বেগুন শসা ধনেপাতা

Posted on June 22, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

53173ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে কাঁচামরিচ, বেগুন, শসা ও ধনেপাতা রফতানি নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। চলতি সপ্তাহেই এমন সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র। সূত্র বলছে, রমজান উপলক্ষে কাঁচামরিচ, বেগুন, শসা ও ধনেপাতার দাম নিয়ন্ত্রণ করতে সরকার এটি করতে যাচ্ছে। চলতি সপ্তাহে প্রস্তাব উপস্থাপন করা হবে বাণিজ্যমন্ত্রীর কাছে। মন্ত্রী অনুমোদন করলেই সরকারি তথ্যবিবরণী আকারে এটি জারি করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, রমজান এলেই ব্যবসায়ীরা ফন্দি-ফিকির শুরু করেন। তারা অপ্রয়োজনে রমজানের কিছু পণ্যের দাম বাড়ান। রফতানির গুঞ্জন তোলেন। তাই সরকার রফতানিতে নিষেধাজ্ঞা দিতে চাচ্ছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করবেন বাণিজ্যমন্ত্রী। সূত্র বলছে, পুরো রমজান মাস জুড়ে এসব পণ্য রফতানি নিষিদ্ধ থাকবে। এর আগে গত বছর রমজানেও এসব পণ্য রফতানি নিষিদ্ধ ছিলো। বাজারে টাঙানো মূল্যতালিকা অনুযায়ী পণ্য কিনতে ক্রেতাদের অনুরোধও জানাবে সরকার। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিটি বাজারে নিত্যপণ্যের মূল্য নির্ধারণ করে দেবে। এছাড়া সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টিম প্রতিদিন বাজার তদারকি করবে। তারা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাবে। এদিকে, রমজানে নিত্যপণ্য সহনীয় রাখতে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে রাজধানীসহ সারাদেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। এর আওতায় বিক্রি করা হচ্ছে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও খেজুর। ১৭৪টি ট্রাকের মাধ্যমে টিসিবি’র আমদানি করা পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud