April 4, 2026
টাঙ্গাইলের প্রাচীন যৌনপল্লী যেসব মাওলানা উচ্ছেদ করেছেন তাদের সৌদি আরবের আইনে শিরশ্ছেদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভিক্ষুক পুনর্বাসন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রসঙ্গত, সম্প্রতি টাঙ্গাইল শহরে প্রায় দুই শ বছরের পুরনো একটি যৌনপল্লী উচ্ছেদ করেন স্থানীয় জনতা ও ধর্মপ্রাণ মুসলমানরা। নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা নিয়ে মিডিয়া অনেক বাড়াবাড়ি করেছে। এ জন্য মিডিয়া নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন আইন করছে। উল্লেখ, প্রথমবার মন্ত্রী হওয়া মৌলভীবাজার থেকে নির্বাচিত এই সংসদ সদস্য শপথ গ্রহণের পর থেকে বিভিন্ন মন্তব্য ও কর্মকাণ্ডে সমালোচিত হয়েছেন। হু ইজ বিএনপি, প্রকাশ্য মঞ্চে সিগারেটে সুখটান, মুখ ঢাকলে চলবে না, খুলতে হবে এসব মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি গণমাধ্যমে বিভিন্ন সময় আলোচিত-সমালোচিত হয়েছেন। মতবিনিময় সভায় মন্ত্রী জানান, সরকার ভিক্ষুক পুনর্বাসন ও ভিক্ষুকমুক্ত দেশ গঠনে কাজ করছে। ঈদের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীকে ভিক্ষুকমুক্ত করা হবে বলেও জানান তিনি।