May 2, 2026
প্রতিভা যে তার আছে সেটা ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেই স্পষ্ট। জাতীয় দলের জার্সি গায়ে এখনও নিজেকে সম্পূর্ণ মেলে ধরতে না পারলেও যতটা ঝলক এখন অবধি দেখিয়েছেন তাতে তাকে আগামী দিনের জন্য ‘যত্ন’ করা যায়। এর বাইরে, তাকে মনে করা হচ্ছে উইকেটের পিছনে মুশফিকুর রহিমের যোগ্য উত্তরসুরী।
সাক্ষাৎকারে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের অনেক কিছু নিয়েই সেই লিটন কুমার দাস আলোচনা করেছেন খোলাখুলি। সাক্ষাৎকারটি নিয়েছেন সামিউল ইসলাম শোভন-
প্রশ্ন: জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই টানা খেলে যাচ্ছেন, কিন্তু নিজের সামর্থ্য অনুযায়ী এখনো বড় কোন ইনিংস খেলা হয়নি। আপনার প্রতি দল যে আশা করে, সেটা নিয়ে কি বলবেন?
লিটন কুমার দাস: দেখুন আমি এখনো আমার শতভাগ খেলতে পারিনি। জাতীয় দলে যারা আছেন, তারাও মনে করেন আমি এখনো শতভাগ দিতে পারিনি। আমি চেষ্টা করছি ভালো করার। এটার জন্য কঠোর পরিশ্রম করছি যেন নিজের সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে পারি, অবদান রাখতে পারি।
প্রশ্ন: প্রায় ম্যাচেই বড় ইনিংসের সম্ভাবন দেখিয়েও ৩০-৪০ রানের মাথায় আউট হচ্ছেন। কি মনে হয়? ব্যাটিংয়ে নির্দিষ্ট কোন দিকে দুর্বলতা টের পাচ্ছেন?
লিটন: আসলে অনেকদিন লম্বা সময় ধরে ব্যাট না করার কারণেই এমনটা হচ্ছে। অনেকদিন বড় কোন স্কোর খেলিনি। ব্যাটে ভালো রান পাওয়া শুরু করলেই একটা সময়ে গিয়ে সমস্যাটা দূর হবে বলে আমি মনে করি। চেষ্টা করছি, ভালো রান করার।
প্রশ্ন: আপনার ব্যাটিংয়ের ধরণ, শট; সবকিছুর মধ্যেই অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের একটা ছোঁয়া পাওয়া যায়। ব্যাপারটা কি নির্দিষ্ট কোন ব্যাটসম্যানকে অনুসরণ করার মাধ্যমে নাকি এমনিতেই হয়েছে?
লিটন: শুরুর দিকে আমার ব্যাটিং অন্যরকম ছিলো। আমার ভাইয়া প্রথম শ্রেণীর ক্রিকেটার, তিনিও ব্যাটসম্যান। আমি চেষ্টা করতাম, তার মতো ব্যাটিং করতে। কিন্তু যখন দেখলাম, তার মতন হচ্ছে না; তখন চিন্তা করলাম নিজের মতোই করি। তারপর থেকেই নিজের মতো করে ব্যাটিং করা শুরু করেছি। নিজে নিজেই আলাদা একটা স্টাইল এনে ফেলেছি। কাউকে ফলো করিনি।
প্রশ্ন: বাংলাদেশে এবং বাইরে কার ব্যাটিং সবচেয়ে বেশি ভালো লাগে? ব্যাটিং আইডল কে?
লিটন দাসঃ মাইকেল ক্লার্কের ব্যাটিং ভালো লাগে। তিনি আমার ফেবারিট ব্যাটসম্যান। এছাড়া এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলির ব্যাটিং ভালো লাগে। আর বাংলাদেশ দলে মুশফিক ভাই, নাসির ভাইয়ের ব্যাটিং বেশি ভালো লাগে।
প্রিয়.কম: দর্শনীয় ব্যাটিংয়ের সঙ্গে সুদর্শন চেহারা। মেয়ে ভক্তদের বিড়ম্বনায় পড়তে হয়েছে কখনো?
লিটন: দিনশেষে আপনি দেখবেন পারফরম্যান্সটাই আসল। মেয়েরা আমার চেহারা দেখবে না, দেখবে পারফরম্যান্স। আমি যেদিন থেকে ভালো রান পাওয়া শুরু করবো, সেদিন থেকে শুধু মেয়েরা নয়, অনেক ছেলে ভক্তও হবে।
প্রশ্ন: পড়াশোনা?
লিটনঃ আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ( এআইবিইউ) তে ভর্তি হয়েছি মাত্র। বিবিএ বিভাগে।
প্রশ্ন: এবার আবার একটু ক্রিকেটের প্রসঙ্গে আসি। কোন ফরম্যাটে খেলতে বেশি পছন্দ করেন?
লিটন: আসলে আমি এভাবে কখনও ভাবি নি। একজন ক্রিকেটারের কাছে সব ফরম্যাটই সমান গুরুত্বপূর্ণ। আর আমার কথা যদি বলি, তাহলে বলবো, ওয়ানডে আর টেস্টকে বেশি প্রাধান্য দেই।
প্রশ্ন: জাতীয় দলে নতুন যোগ দিয়েছেন। সাধারণভাবেই নতুনরা সিনিয়রদের সাপোর্ট আশা করে। আপনি কি সেটা পাচ্ছেন? দলের মধ্যে সবচেয়ে বেশি কে সাপোর্ট দেয়?
লিটন: আমিসহ যারা দলে নতুন, তাদের প্রতি দলের অন্যান্যদের সবারই একটা সমর্থন থাকে। দলের পরিবেশটাও অন্যরকম। সবাই সবাইকে অনেক সাহায্য করে। এদিক দিয়ে আমরা সবাই সবার কাছ থেকে সর্বোচ্চটুকু পাই। নির্দিষ্ট করে বলার মতো কেউ নেই। কারণ, সবার কাছ থেকেই সমর্থনটা আসে
সুত্র….প্রিয়