April 4, 2026
কক্সবাজার: কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের ২২ নাগরিককে পুশব্যাক (স্বদেশে ফেরত পাঠানো) করেছে বিজিবি। এদের মধ্যে ৬ জন নারী ও এক শিশু ছিল। বিজিবির ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বুধবার ভোররাতে শাহপরীরদ্বীপ বিওপি চৌকির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা নাফনদী সংলগ্ন শাহপরীরদ্বীপ বরফ কল এলাকা দিয়ে অনুপ্রবেশকালে ৬ নারী ও ১ শিশুসহ মিয়ানমারের ১৭ নাগরিককে আটক করে। তিনি জানান, একইদিন একই বিওপি চৌকির জওয়ানরা শাহপরীরদ্বীপ ঝাউবাগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের আরো ৪ নাগরিককে আটক করে। এছাড়া দমদমিয়া বিওপি চৌকির জওয়ানরা আটক করে এক অনুপ্রবেশকারীকে। পরে আটক মিয়ানমারের নাগরিকদের শাহপরীরদ্বীপ জেটিঘাট ও দমদমিয়া সীমান্ত দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।