May 7, 2026
টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার কুনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার কুর্নী গ্রামের নজরুল ইসলামের ছেলে রোকন, উপজেলার মহেড়া ইউনিয়নের আদাবাড়ি গ্রামের শফি উদ্দিনের ছেলে সোহেল ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার সেলিম। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে তিন বন্ধু টাঙ্গাইল যাওয়ার পথে মহাসড়কের ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইদুল আলম জানান, ঘাতক বাসটি পালিয়ে গেছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।