February 22, 2026
ঢাকা: রাজধানীর মিরপুরে জনতা হাউজিংয়ের পেছনের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোন হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডে বহু বাড়ি-ঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দুপুর দুপুর ১২টা ৪০ মিনিটে দিকে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে স্থায়ী এ অগ্নিকাণ্ডে পুরো বস্তিই পুড়ে গেছে। এ বস্তিতে প্রায় দেড়শ ঘর রয়েছে বলে বস্তিবাসীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বস্তির একটি ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। সিটি করপোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের বেশির ভাগই এই বস্তিতে থাকেন বলে জানা গেছে।