পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাহমুদ আলী পররাষ্ট্রে, নজরুল পানি সম্পদে

Posted on February 26, 2014 | in জাতীয় | by

Photo8245নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীকে নতুন সরকারে একই দায়িত্বে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আর মাহমুদ আলীর সঙ্গে বুধবার প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেয়া নজরুল ইসলাম হিরু নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ে। দুই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের পাশাপাশি একজন উপমন্ত্রীর দায়িত্বও বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১২ জানুয়ারি নতুন সরকারের সদস্য হিসাবে শপথ নিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে পাঠানো হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। শেখ হাসিনা নেতৃত্বাধীন এ সরকারে পনিসম্পদ ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের দুই শরিক নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পদটি প্রধানমন্ত্রী নিজের হাতে রেখে শাহরিয়ার আলমকে দিয়েছিলেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের দেড় মাসের মাথায় বুধবার মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেন দিনাজপুর-৪ আসানের সাংসদ মাহমুদ আলী ও নরসিংদী-১ আসনের নজরুল ইসলাম হিরু। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাদের শপথ পড়ান। পরে তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন দুজনকে নিয়ে মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৫১ জনে, যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদটি এখনো কাওকে দেননি প্রধানমন্ত্রী। ৫১ সদস্যের মন্ত্রিসভায় প্রধান বিরোধী দল জাতীয় পার্টির তিনটি পদ রয়েছে। জাসদ ও ওয়ার্কার্স পার্টি প্রধানেরা মন্ত্রী হয়েছেন। জাতীয় পার্টি জেপির প্রধানও মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন; বাকি সবাই আওয়ামী লীগের।

আবুল হাসান মাহমুদ আলী আবুল হাসান মাহমুদ আলী সাবেক কূটনীতিক মাহমুদ আলী আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সংসদে আসেন। নবম সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় সরকারের শেষ দিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। নির্বাচনকালীন সরকারে দীপু মনি বাদ পড়লে মাহমুদ আলী আসেন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে। ১৯৪৩ সালের ৬ ফেব্রুয়ারি দিনাজপুরে জন্ম নেয়া মাহমুদ আলী লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।

১৯৬০ এর দশকে সরকারি চাকরিতে যোগ দেয়া এই কূটনীতিক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আহত হয়েছিলেন। ১৯৯০ এর ডিসেম্বরে অতিরিক্ত পররাষ্ট্র সচিব থাকাকালে সহকর্মীদের নিয়ে এইচ এম এরশাদ সরকারের পদত্যাগ দাবিতে রাজপথেও নেমেছিলেন। যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে ২০০১ সালে অবসরে যান মাহমুদ আলী। এর আগে জার্মানি ও ভুটানেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি।  ১৯৫১ সালের ০৩ আগস্ট নরসিংদীতে জন্মগ্রহণ করা নজরুল ইসলাম ১৯৮৫ সালে প্রতিরক্ষা বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন (পিএসসি) করেন।

মুক্তিযুদ্ধে সম্মুখসমরে বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরপ্রতীক খেতাবে ভূষিত হন তিনি। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সহকারী মিলিটারি এডভাইজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পেশায় ব্যবসায়ী নজরুল প্রথম সংসদে আসেন ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে। নবম সংসদে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করন তিনি। শপথ অনুষ্ঠান মাহামুদ আলী শপথ অনুষ্ঠানে আসেন তার স্ত্রী শাহীন আলী ও ছোট ভাই মো. আলী শামীমকে নিয়ে। আর নজরুল ইসলামের সঙ্গে ছিলেন স্ত্রী ফারজানা নজরুল।

সংক্ষিপ্ত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। শপথ নেয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা যায় মাহমুদ আলী ও নজরুল ইসলামকে। নতুন এই মন্ত্রী-প্রতিমন্ত্রীর স্ত্রীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে স্বস্ত্রীক ছবি তোলেন মাহমুদ আলী ও নজরুল ইসলাম। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবন থেকে বের হয়ে মাহমুদ আলী সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

তবে সাবেক সেনা কর্মকর্তা নজরুল  বলেন, “আমাকে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ে কাজ করতে চাই। “শপথের পর প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, দায়িত্ব বুঝে নিয়ে সঠিকভাবে কাজ করতে হবে।” আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে কাজ করার বিষয়টি আনন্দদায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রমানিক, শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধান হুইপ আ স ম ফিরোজ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud