May 27, 2026
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নৌবাহিনীতে যৌন হয়রানির ঘটনা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর যৌন হয়রানির ১১০০ অভিযোগ দায়ের করা হয়েছে এবং চলতি মাসেই এ বছরের হিসাব গ্রহণের পর্বটি শেষ হবে। ২০১২ সালে এ জাতীয় অভিযোগ করা হয়েছিল ৭২৬টি।
যৌন হয়রানির বিষয়ে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া সহজ হওয়ায় এ সংক্রান্ত অভিযোগের সংখ্যা বেড়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।
গত মে মাসে প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা দফতরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে মার্কিন সেনাবাহিনীর ২৬ হাজার সদস্য যৌন হেনস্তার শিকার হয়েছেন। আগের বছর ১৯ হাজার ব্যক্তি এ ধরনের অভিযোগ করেছিলেন।
যৌন হয়রানির বিরুদ্ধে নৌবাহিনীর পক্ষ থেকে শিক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা সত্ত্বেও এ ধরনের ঘটনা বেড়েই চলেছে। বিষয়টি কংগ্রেস ও হোয়াইট হাউজের নজরেও এসেছে। মার্কিন সিনেটে এ বিষয়ে কয়েকটি শুনানি হয়েছে এবং শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও মার্কিন সেনাবাহিনীতে যৌন হয়রানি বন্ধে কোনো আইন পাস করাতে পারেনি সিনেট।