পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মাগুরায় মহামারির রূপ নিচ্ছে কিশোর প্রেম

Posted on February 14, 2014 | in লাইফস্টাইল | by

love1মাগুরা:  মাগুরায় কিশোর প্রেম মহামারির রূপ নিয়েছে। ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে অপরিণত এই প্রেম। এতে বাড়ছে খুন, ধর্ষণ, প্রতারণা, বাল্যবিবাহ, অপরিকল্পিত গর্ভধারণ ও সন্তান জন্মদানসহ নানা অপরাধ।

ঘটনা-১ : রিমন (১৫) ও মিথিলা (১৪)।

ছদ্মনাম। তারা মাগুরার মহম্মদপুর উপজেলার একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। ভালোলাগা থেকে হয় তাদের ভালোবাসা। তারপর শারীরিক সম্পর্ক ও গর্ভধারণ; অতঃপর বাল্যবিবাহ হয় তাদের। এরপর সন্তান জন্মদান এবং সন্তানের মৃত্যু।

ঘটনা-২ : রনি (২০) ও শান্তা (১৪)।

ছদ্মনাম। ছেলেটি সদরের একটি কলেজের ছাত্র। মেয়েটি মাধ্যমিকের দশম শ্রেণির ছাত্রী। প্রেম হয় তাদের। তারপর পালিয়ে বিয়ে করে তারা। মেয়ের বাবা মামলা করেন। এরপর দুজনই এখন হাজতবাস করছে।

ঘটনা-৩ : রাসেল (২০) ও লিপি (১৩)।

ছদ্মনাম। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে লিপিকে জনসমক্ষে শ্লীতহানির চেষ্টা করে রাসেল। এক মাসের জেল হয়েছে রাসেলের।

ঘটনা-৪ : সাদেক (২২) ও স্বপ্না (১৭)।

ছদ্মনাম। প্রেম থেকে শারীরিক সম্পর্ক হয় তাদের। পরে সম্পর্কের অবসান। এখানেই শেষ হলে মিটে যেত সবকিছু। কিন্তু তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র করা হয়েছিল গোপনে। এখন সেই চিত্র ইউটিউব থেকে ফেসবুক হয়ে মোবাইল ফোনে সবার হাতে হাতে পৌঁছে গেছে।

ঘটনা-৫ : রনি (২১) ও শায়লা (১৩)।

ছদ্মনাম। প্রেমের টানে গভীর রাতে প্রেমিকার বাড়ি ছুটে যায় রাসেল। আর প্রেমিকার ভাইদের হামলায় করুণ মৃত্যু হয় তার। উপরের ঘটনাগুলো মাগুরার বিভিন্ন এলাকার সম্প্রতি ঘটেছে। এই ধরনের কিশোর প্রেমের ঘটনা জেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলার নিত্যনৈমিত্তিক বিষয় এখন। এসব অপরিণত প্রেমে এখন কিশোর-কিশেরীরা পুড়ছে অপরাধের আগুনে। কলুষিত হচ্ছে নানা অপরাধমূলক ঘটনায়। প্রিয় মানুষকে কাছে পেতে কিশোররা যেমন হয়ে উঠছে খুনি, তেমনি পছন্দের কিশোরীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ঘটাচ্ছে ভয়ংকর সব ঘটনা।

জেলায় সাম্প্রতিক এ ধরনের ঘটনা বিশ্লেষণ করছেন সচেনত ব্যক্তিরা। তারা বলছেন, সমাজ ও সংস্কৃতির পরিবর্তনকে সঠিকভাবে নিতে পারছে না কিশোর-কিশোরীরা। আধুনিকতায় গা ভাসতে গিয়ে হয়ে পড়ছে বেপরোয়া। নিজেকে ‘হিরো’ বানাতে গিয়ে জড়িয়ে পড়ছে অপরাধে। মাদক, মোবাইল ফোন, ইন্টারনেটসহ নানা কিছুর সহজলভ্যতা তাদের মধ্যে অপরাধপ্রবণতাকে চাঙ্গা করে তুলছে। সাম্প্রতিক অপরাধমূলক ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, এর নেপথ্যে রয়েছে কিশোর প্রেমের কাহিনি।

খুন, ধর্ষণ, প্রতারণাসহ নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে কিশোর প্রেমের সংশ্লিষ্টতায় উদ্বেগ তৈরি হয়েছে সমাজে। এসব ঘটনায় পিতা-মাতারা হয়ে পড়েছেন উদ্বিগ্ন ও অসহায়। রাইজিংবিডির অনুসন্ধানে দেখা গেছে, এসব ঘটনার জন্য প্রধানত দায়ী প্রযুক্তি গ্রহণে কিশোর-কিশোরীদের ‘বদহজম’। সময়ের সঙ্গে তারা তাল মেলাতে গিয়ে এ বদহজমের শিকার হচ্ছে। এর কারণগুলো হচ্ছে : আকাশ সংস্কৃতির অবাধ অনুপ্রবেশ, অশ্লীল ভিডিওচিত্রের সহজলভ্যতা, মোবাইল ফোন ইন্টারনেটের অপব্যবহার, যৌথ পরিবার না থাকা, পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, যান্ত্রিক জীবনে সন্তানদের জন্য সময় না দেওয়া ইত্যাদি।

মনস্তাত্ত্বিক বিকাশে সমস্যার কারণেই কিশোর বয়সেই অনেকে আক্রমণাত্মক হয়ে উঠছে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজে বন্ধুদের প্রভাবে মানসিক সমস্যা বা অস্থিরতা নিয়ে বেড়ে উঠছে তারা। এসব কিশোর বা কিশোরী সামান্য বিষয়ে ইমোশনাল হয়ে পড়ে। এ কারণে বড় ধরনের অপরাধও করে বসে।  কিশোর প্রেমসংক্রান্ত অপরাধগুলোর বেশির ভাগই ঘটছে এখন প্রত্যন্ত অঞ্চলে। শহরজীবনেও এ ধরনের ঘটনা নিতান্ত কম নয়। সব মিলিয়ে অপরাধমুখী কিশোর প্রেম নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে সর্বমহলে।

এ ধরনের ঘটনায় উদ্বেগের কথা জানিয়ে মাগুরার সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান রাইজিংবিডিকে বলেন, ‘এ অবস্থার জন্য পারিবারিক অনুশাসন ও সামাজিক অবক্ষয়ের পাশাপাশি মাদকের ভয়াল বিস্তার দায়ী।’ তিনি বলেন, ‘মূলত সচেতনতা ও সুশিক্ষার মাধ্যমেই অপরাধমূলক ঘটনা কমানো যেতে পারে। সমাজ পরিবর্তিত হচ্ছে। সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে পুরোনো মূল্যবোধ কমে যাচ্ছে। পরিবর্তন কাম্য হলেও মূল্যবোধের অবক্ষয় কোনোভাবেই কাম্য হতে পারে না। পরিবর্তনের সাংঘর্ষিক রূপে কিশোর-কিশোরীরা নানা অপরাধমূলক ঘটনার শিকার হচ্ছে।’

মাগুরা বিশিষ্ট চিকিৎসক ডা. সাইফুর রহমান  বলেন, ‘পারিবারিক ও সামাজিক অনুশাসন না থাকায় অনেক ভয়ংকর ঘটনারও জন্ম দিচ্ছে কিশোররা। সমাজ ও সংস্কৃতির সুস্থধারার পরিবর্তন ও সমন্বয় এ ধরনের ঘটনা কমাতে সহায়ক হবে।’

মহম্মদপুর সদরের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ওসমান আলী বলেন, ‘পারিবারিক ও বিদ্যালয়ের মূল্যবোধের শিক্ষাই কম বয়সে অপরাধপ্রবণতা দূর করতে পারে। অপরাধ, নৈতিকতা ও মূল্যবোধে সচেতন মানুষ গড়ে তোলা গেলে এ ধরনের অপরাধপ্রবণতা কমে আসবে।’…..রাজিংবিডি

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud