April 26, 2026
ঢাকা: আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এরা হচ্ছে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন।
দীর্ঘ দিন ধরে কাররুদ্ধ বিএনপির এই পাঁচ শীর্ষ নেতার পক্ষে একটি আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন। সহায়তা করেন আইনজীবী আনোয়ারুল ইসলাম এবং এ কে এম এহসানুল রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ৮ নভেম্বর মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার ও শামসুর রহমান শিমুল বিশ্বাসকে এবং ২৫ ডিসেম্বর সরদার সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়।