April 16, 2026
সংসদ প্রতিবেদক : টা্ঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে স্পিকারের অনুমতি লাগবে না বলে জানিয়েছেন স্পিকার ড, শিরিন শারমিন চৌধুরী। সোমবার সংসদ অধিবেশন শুরু হওয়ার আগ মুহূর্তে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শুধুমাত্র সংসদ লবি, গ্যালারি ও চেম্বার থেকে কোন সংসদ সদস্যকে গ্রেফতার করার ক্ষেত্রে স্পিকারের অনুমতির প্রয়োজন হয়। অন্য কোন এলাকা থেকে গ্রেফতারে স্পিকারের অনুমতির প্রয়োজন হয় না। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের ব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, তিনি যেটা বলেছেন সেটা ভুল। এটি স্পিকারের কোন বিষয় না। তবে প্রচলিত আইনে সংসদ অধিবেশন শুরু হওয়ার ১৪দিন আগে ও সংসদ অধিবেশন শেষ হওয়ার ১৪দিন পর্যন্ত কোন সিটিং এমপিকে গ্রেফতার করা যাবে না বলা আছে। কোন সংসদকে গ্রেফতার করতে হলে স্পিকারকে অবহিত করার বিধান রয়েছে বলেও জানান তিনি। লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে যোগ দিতে পারেন, এমন খবর শুনে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সংসদের বিভিন্ন গেটে অপেক্ষায় থাকেন। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত লতিফ সিদ্দিকী সংসদ অধিবেশনে যোগ দেননি।