March 15, 2026
ফতুল্লা থেকে: দ্বিতীয় দিন কোনো বল মাঠে না গড়ালেও ম্যাচের তৃতীয় দিন খেলা গড়ায় মাঠে। কিন্তু বারবার বৃষ্টি হতে থাকায় তৃতীয় দিনের শেষ সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

দ্বিতীয় সেশনের খেলা একাধিকবার বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। কয়েকবার মাঠ পরিদর্শন করে ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা বিকেল ৪.১০ মিনিটে তৃতীয় সেশনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। প্রথম দিন বৃষ্টি বাধায় মাঠে মাত্র ৫৬ ওভার খেলা গড়ায়। বৈরি আবহাওয়ার কারণে দ্বিতীয় দিন কোনো বলই মাঠে গড়ায় নি। আর তৃতীয় দিন মাঠে খেলা গড়ায় মাত্র ৪৭.৩ ওভার।
চতুর্থ দিন সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচ।
তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪৬২ রান। হরভজন সিং এবং রবীচন্দ্রন অশ্বিন চতুর্থ দিন ব্যাট হাতে নামবেন।
মুরালি বিজয়, শিখর ধাওয়ান আর অজিঙ্কা রাহানের ব্যাটে ভর করে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করতে চলেছে সফরকারী ভারত। বিজয় ১৫০, ধাওয়ান ১৭৩ আর রাহানে ৯৮ রান করে বিদায় নেন। ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে জ্বলে উঠেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। ইতোমধ্যেই তিনি টাইগার বোলারদের হয়ে দেশের মাটিতে শততম টেস্ট উইকেটের মাইলফলক পার হয়েছেন।
দিনের ৬ উইকেটের চারটিই তুলে নিয়েছেন সাকিব। বাকি দুটি উইকেট পান জুবায়ের।
শুক্রবার (১২ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
প্রথম দিনের বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে তৃতীয় দিন (দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত) ব্যাটিংয়ে নামে সফরকারী ভারত। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট শতক তুলে নেন বিজয়।
ভারতের ওপেনিং জুটি ভাঙেন সাকিব আল হাসান। ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ব্যক্তিগত ১৭৩ রানে কট এন্ড বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান ও বিজয় ওপেনিং জুটিতে ২৮৩ রান করে শক্ত ভিত গড়ে দেন। ওয়ান ডাউনে নামা রোহিত শর্মা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের বলেই ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
সাকিবের পর উইকেটের খাতায় নাম লেখান জুবারের হোসেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (১৪) এই লেগ স্পিনারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন। তিন উইকেটের পতন ঘটলেও রানের খাতা সচল রাখেন বিজয় ও রাহানে।
১১৪ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন বিজয় ও রাহানে। তবে, বৃষ্টি থেমে যাওয়ার পর তৃতীয় বলের মাথায় (ইনিংসের ৯৭.৪ ওভার) সাকিবের ঘূর্ণিতে এলবি’র ফাঁদে পড়েন বিজয়। আউট হওয়ার আগে তিনি ১৫০ রান করেন। ২৭২ বলে ১২টি চার আর একটি ছয়ে বিজয় তার ইনিংসটি সাজান।