March 15, 2026
ঢাকা: বিদেশী টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটররা বাংলাদেশী চ্যানেল প্রদর্শনের আগ্রহী হচ্ছেন না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রবিবার বিকেলে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের উত্তরে তিনি সংসদকে এ তথ্য জানান।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশের টিভি চ্যানেলের বিষয়ে ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। বাংলাদেশের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তবে বিদেশী টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউনলিংক ফি বেশি হওয়ায় ভারতীয় ক্যাবল অপারেটরেরা এ বিষয়ে আগ্রহী হচ্ছেন না। বিষয়টি ভারতীয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশসহ সার্কভুক্ত দেশসমূহের টিভি চ্যানেলগুলো যাতে সহজে ভারতে সম্প্রচার করা যায় সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্ক ফোরামে উত্থাপনের উদ্যোগ অব্যাহত রয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দূরদর্শনের একটি চ্যানেলে ডিটিএইচ প্রযুক্তির মাধ্যমে বিটিভির অনুষ্ঠান প্রচারের বিষয়ে সম্মতি পাওয়া গেছে। সে অনুসারে দূরদর্শন ও বিটিভির মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সইয়ের প্রক্রিয়া চলমান আছে।
তিনি আরও বলেন, বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার ব্যবস্থা ফ্রি টু এয়ার হওয়ায় উপর্যুক্ত প্যারামিটার এর মাধ্যমে স্যাটেলাইটের সাহায্যে বর্তমানে ভারতসহ পৃথিবীর প্রায় ৬০টি দেশের দর্শকরা দেখতে পাচ্ছেন। যে কোনো ভারতীয় দর্শক বা ক্যাবল অপারেটর ডাউনলিংকের মাধ্যমে বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান উপভোগের সুবিধা পাচ্ছেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ভারতের ৩২টি পে চ্যানেল এবং ৮টি ফ্রি চ্যানেল সম্প্রসারিত হচ্ছে।