April 5, 2026
ঢাকা: নিজ দেশে বিশ্বকাপ না পাওয়ার হতাশা ও জার্মানির বিপক্ষে লজ্জাজনক পরাজয়ের পর বিধ্বস্ত ব্রাজিল দলের দায়িত্ব নিলেন ৯৪-এ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক কার্লোস দুঙ্গা। ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোচের দায়িত্ব পালন করে ব্যর্থ হয়েছিলেন দলকে শিরোপা জেতাতে। তবে সেবার কোচ হিসেবে অনভিজ্ঞ ছিলেন এই লিজেন্ডারি খেলোয়াড়। মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন দুঙ্গাকে দ্বিতীয় দফায় কোচ হিসেবে নিয়োগ দেয়। এর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ব্রাজিলের দলের কোচের দায়িত্বে ছিলেন এক সময়ের অন্যতম সেরা মাঝমাঠের এই খেলোয়াড়। ২০০৬ সালে প্রথমবার ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে দলকে কোপা আমেরিকা ও কনফেডারেশন কাপের শিরোপা এনে দেন দুঙ্গা। কিন্তু ২০১০ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে চাকরিচ্যুত হন তিনি। দুঙ্গার অধীনে বিশ্বকাপ না জিতলেও ব্রাজিলের জয়ের পাল্লা ছিলো বেশ ভারী। আর এ কারণেই ব্রাজিল দলে আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুঙ্গার দায়িত্বকালীন সময়ে ৬০টি ম্যাচ খেলে ব্রাজিল হেরেছে মাত্র ৬টি ম্যাচে। অন্যদিকে ৪২ ম্যাচে জয় এবং ১২ ম্যাচ ড্র করে দুঙ্গার শিষ্যরা।