পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ব্যাংক লুটের মামলার তদন্তভার গ্রহণ করল র‌্যাব

Posted on February 6, 2014 | in সারা দেশ | by

Abu shufian (10)কিশোরগঞ্জ প্রতিনিধি: সুড়ঙ্গপথে কিশোরগঞ্জের সোনালী ব্যাংক প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা মামলাটি উচ্চ আদালতের নির্দেশে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি রাজীব কুমার দেব আলোচিত এ মামলাটির তদন্তভার গ্রহণ করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পালন করেন সদর মডেল থানার ওসি মো. আবদুল মালেক। এদিকে ৭দিনের রিমান্ড শেষে ব্যাংক লুটের দুর্ধর্ষ হোতা ইউসুফ মুন্সী ওরফে সোহেল এবং তার ছোট ভাই ইদ্রিছ মুন্সীকে বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করা হয়।

আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ প্রদানের পর দু’জনকেই কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত অপর তিন আসামির মধ্যে ৩দিনের রিমান্ড শেষে ব্যাংকের এমএলএসএস আবুবকর সিদ্দিককে গত মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এছাড়া একই দিন সোহেলের স্ত্রী মাহিলা আক্তার হিমা (২৫) ও লুট করা টাকা নিয়ে যে ট্রাকে করে সোহেল কিশোরগঞ্জ থেকে ঢাকার শ্যামপুরে গিয়েছিল সেই ট্রাকের হেলপার আলমগীরের (২৫) ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রিমান্ড মঞ্জুরের পর এ দু’জনও কারাগারে রয়েছেন। র‌্যাব-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সহকারী পরিচালক ও মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা এএসপি রাজীব কুমার দেব আলোচিত এ মামলাটির তদন্তভার গ্রহণের সময় সাংবাদিকদের বলেন, মামলার প্রাথমিক তথ্য ও নথি পর্যালোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গত ২৬শে জানুয়ারি রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বেলা আড়াইটার দিকে সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ প্রধান শাখার ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের বিষয়টি ধরা পড়ে।

ওই শাখার দায়িত্বশীল দুই কর্মকর্তা ভল্টের দু’টি কক্ষের ভেতরেরটিতে টেবিলের উপর রক্ষিত টাকা দেখতে না পেয়ে এবং কক্ষের মেঝেতে গর্ত দেখতে পেয়ে টাকা লুট হওয়ার বিষয়টি বুঝতে পারেন। ভল্টরুমের গর্তের সূত্র ধরে একটি সুড়ঙ্গপথ আবিস্কৃত হয়।

এ ঘটনায় ওই দিন রাতে ডিজিএম শেখ আমানুল্লাহ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা (নং-৩২) দায়ের করেন। ৪৬১ ও ৩৮০ দন্ডবিধিতে দায়ের করা এ মামলায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় সদর মডেল থানার ওসি মো. আবদুল মালেককে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud