February 23, 2026
নারায়ণগঞ্জ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকার যদি বিরোধী দলের ভাষায় অবৈধ হয় তাহলে বিএনপি এই সরকারের সঙ্গে সংলাপ কীভাবে চায়? তিনি বলেন, সংলাপ করতে হলে বিএনপিকে এই সরকারকে মেনে নিয়েই সংলাপ করতে হবে। যোগাযোগমন্ত্রী রোববার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়কে ২৪০ কোটি টাকা ব্যয়ে একটি ফ্লাইওভার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী শাহ আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগাযোগমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়কের উন্নয়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। অন্য মহাসড়কগুলোর কাজ একইভাবে এগিয়ে যাচ্ছে।