April 18, 2026
ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবসের দিন রাজধানীর বেশ কয়েকটি সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা
মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন সকালে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সামরিক, আধা-সামরিক, দেশি-বিদেশি কূটনৈতিক, খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কারণে দুপুর ১২টা থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যে সব রাস্তায় যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে- জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং (ফ্লাইওভার ব্যতিত), আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড়, অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং, পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে এবং ২৪ তলা থেকে রাজউকের দিকের সড়ক। এছাড়া, শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সংবাদ বিজ্ঞপ্তিতে, নিষেধাজ্ঞা জারিতে রাজধানীবাসীর চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করা হয়।