May 1, 2026
ঝিনাইদাহ প্রতিনিধি : ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জিন্নাহ নগর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত আবুল হোসেন বিশ্বাসের ছেলে আবদুর রশিদ (৪৫) ও আবদুল মমিনের ছেলে তরিকুল ইসলাম (২৫)। আহত আবদুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে মহেশপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন জানিয়েছেন এবং তরিকুল ইসলাম জীবননগরের কোনো একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে তার বোন সুন্দরী খাতুন নিশ্চিত করেছেন।
তরিকুল ইসলামের বোন সুন্দরী খাতুন জানান, তার চাচা আবদুল মমিন ও ভাই তরিকুল ইসলাম অন্যান্যের সঙ্গে শুক্রবার রাতে ভারত সীমান্তে গরু আনতে যায়। শনিবার ভোরের দিকে ভারত সীমান্ত থেকে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় তরিকুল ইসলাম আহত হয়ে বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রবেশ করে এবং আবদুর রশিদ গুলিবিদ্ধ হয়ে ভারত সীমান্তে পড়ে থাকে।
আব্দুর রশিদের বড় ভাই আবদুল মমিন জানান, তার ছেলে তরিকুল ইসলামের পিঠে গুলি লেগেছে তাই তিনি ডাক্তারের কাছে গেছেন। ভাই আবদুর রশিদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে শুনেছি। মহেশপুর থানার ওসি শাহীদুল ইসলাম শাহীন জানান, বিএসএফের গুলিতে আহত আবদুর রশিদ ভারতের নদীয়া জেলার সত্যিনগর হাসপাতালে ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিস্তারিত পরে জানানো যাবে।