February 22, 2026
ঢাকা: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনকে সফল বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলটির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি এবং নিদর্লীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগকে ইঙ্গিত করে মির্জা ফকরুল বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন সফল হয়েছে। আমাদের আন্দোলন ব্যর্থ হয়নি। ব্যর্থ হয়েছে তারা, যারা ৫ জানুয়ারি নির্বাচনের আগে আমাদের সঙ্গে জোটবদ্ধ দলগুলোকে বারবার চেষ্টা করেও টানতে পারেনি। জোটে ভাঙন ধরাতে তারা (আওয়ামী লীগ) ব্যর্থ হয়েছে।
আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না অভিযোগ করে তিনি বলেন, প্রমাণ হয়েছে, আওয়ামী লীগের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়, হতে পারে না। ৫ জানুয়ারি নির্বাচন সুষ্ঠু হয়নি তা সারাবিশ্ব দেখেছে। উপজেলা নির্বাচনও সুষ্ঠু হয়নি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে আনতে অনেক চেষ্টা করেছে। কিন্তু জনগণ তাদের তা করতে দেয়নি। জনগণই প্রমাণ করেছে বিএনপি তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সংগ্রাম করছে। তিনি বলেন, এ আন্দোলন খালেদা জিয়াকে ক্ষমতায় নেওয়ার সংগ্রাম নয়, জাতির অধিকার রক্ষার সংগ্রাম।
‘ক্রসফায়ার’ বন্ধের নামে তথাকথিত বন্দুক যুদ্ধ হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফকরুল। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার মাহবুবের জানাজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেছেন তিনি। সরকারের সমালোচনা করে বিএনপি নেতা ফকরুল বলেন, এখন জানাজাকেও তারা ভয় পেতে শুরু করেছে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন প্রমুখ বক্তব্য দেন।