May 2, 2026
স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর উপলক্ষে আগামি ৩ জুলাই থেকে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সোমবার রাতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের গাবতলী কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ১০ জুলাই এবং ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামি ৯ জুলাই থেকে।
বাস মালিকরা ১২ রমযান থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে আগ্রহী ছিলেন। তবে ১২ রমযান গতকাল মঙ্গলবার হওয়ায় তা পেছানো হয়। এ ক্ষেত্রে ৩ জুলাই শুক্রবার থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়। গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টার থেকে পরিবহন সার্ভিসগুলো এ টিকিট বিক্রি করবে। তবে গতবারের মতো সায়েদাবাদ ও মহাখালী থেকে কোনো অগ্রিম টিকিট দেওয়া হবে না।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘৩ জুলাই অর্থাৎ ১৫ রমযান সকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তবে কোনো কোম্পানি আগ্রহী থাকলে আগেও টিকিট বিক্রি শুরু করতে পারে। এ ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ভাড়া আছে, তা-ই নেয়া হবে। এর চেয়ে বেশি ভাড়া আদায় করা হবে না। যদি কেউ বেশি ভাড়া নেয়, তা হলে সমিতির পক্ষ থেকে বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে ১০ জুলাই থেকে। শীঘ্রই এ বিষয়ে বৈঠক করে বিস্তারিত সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে ৯ থেকে ১৩ জুলাই। ৯ জুলাই বিক্রি হবে ১৩ জুলাইয়ের টিকিট, ১০ জুলাই বিক্রি ১৪ জুলাইয়ের, ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের ও ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের অগ্রিম টিকিট। ঢাকা ও চট্টগ্রাম রেলস্টেশন থেকে এই অগ্রিম টিকিট অগ্রিম বিক্রি হবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, একজন যাত্রী চারটির অধিক টিকিট কিনতে পারবে না। এ ছাড়া বিক্রীত টিকিট ফেরত নেয়া হবে না। পাশাপাশি ঈদ পরবর্তী ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামি ১৬ জুলাই থেকে। ওইদিন বিক্রি হবে ২০ জুলাইয়ের টিকিট, ১৭ জুলাই ২১ জুলাইয়ের, ১৮ জুলাই ২২ জুলাইয়ের, ১৯ জুলাই ২৩ জুলাইয়ের ও ২০ জুলাই ২৪ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে। রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন হতে বিশেষ ব্যবস্থায় ফিরতি অগ্রিম টিকিট বিক্রি হবে।