March 14, 2026
বান্দরবান : পার্বত্য জেলা বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার থেকে চার দিনব্যাপী শুরু হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা।
শুক্রবার সন্ধ্যা ৭টায় বান্দরবান পুরাতন রাজবাড়ীর মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফানুস উড়িয়ে ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর এমপি। বান্দরবান ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপন পরিষদের সভাপতি অংচ মং মারমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ ও পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজার উপস্থিত থাকার কথা রয়েছে।
মারমা বর্ষপঞ্জী মারমাব্দ (মঘীসন) অনুসারে ওয়াগ্যোয়াই লাহ বছরের সপ্তম মাস (বাংলায় আশ্বিন মাস/ইংরেজিতে অক্টোবর-নভেম্বর মাস) এবং ওয়াগ্যোয়াই লাহব্রেহ অর্থাৎ ঐ মাসে পূর্ণিমা তথা আশ্বিনী পূর্ণিমা। এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র স্মৃতি-বিস্মৃতিতে ম্রিয়মাণ অহিংস মন্ত্রে দীক্ষিত আশায় তৃপ্তি, অভিলাষ পূরণ ধ্যান দীক্ষা সমাপনী দিনক্ষণ।
এছাড়াও সপ্তাহব্যাপী ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে থাকছে প্রত্যেক ক্যাং-এ ক্যাং-এ প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্বলন,ফানুস উড়ানো, হেন্ড বল, ফুটবল ও ভলিবল প্রতিযোগিতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী বছরগুলো সুখী সমৃদ্ধির প্রত্যয়ে পুণ্যার্থীরা রাতের বেলায় আকাশে ফানুস উড়ানোর মাধ্যমে সারা বছরের পাপকে আকাশে উড়িয়ে দেয়।