February 22, 2026
ঢাকা: জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর এ কে এম ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার এই জামায়াত নেতা গত রোববার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মস্তিষ্কে রক্ষক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয় বলে ময়না তদন্তে বলা হয়। এদিকে একাধিক স্থানে নামাজে জানাযা শেষে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট জেলার শরণখোলার রাজৈর গ্রামে তার দাফন সম্পন্ন হয়। এর আগে গ্রামে তার নামাজে জানাযা অনিুষ্ঠিত হয়। জানা যায়, গ্রামের জানাযায় অংশ নেন জামায়াতের উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম কবীর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম সাইফুল ইসলাম খোকন, মরহুমের ছোট ভাই রুহুল আমীন, ছেলে মাহবুবুর রহমান, আমতলী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর মোঃ আব্দুল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মাহবুবুর রহমান, চাষি কল্যাণ সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমিনুল ইসলাম, বাগেরহাট জেলা আমীর অধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মতিয়ার রহমান খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি আলহাজ সেকান্দার আলী, শরণখোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।