May 8, 2026
বগুড়া: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা বগুড়ায় এসে প্রতিবন্ধিদের কনভেনশনে নিজের স্বপ্নের কথা বললেন। তিনি বললেন, আমি আমার স্বপ্নের কথা বলতে চাই। আমার স্বপ্ন – বাংলাদেশ হবে মধ্য আয়ের দেশ। আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশে সবাই নিজের বাসস্থান পাবে, নিজ সন্তানকে পুষ্টিকর খাদ্য দিতে পারবে, সবাই স্বাস্থ্য সেবা পাবে, সকল শিশুরা স্কুলে যাবে এবং মানসন্মত শিক্ষা পাবে। এটাই আমার স্বপ্ন। আর এটা সম্ভব। এটাই বাংলাদেশের স্বপ্ন হওয়া উচিৎ।
সোমবার বগুড়া শহরের মালতি নগর এলাকার বগুড়া কনভেনশন সেন্টারে ৮ম জাতীয় প্রতিবন্ধি কনভেণশনে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি’র আয়োজন করেছিলেন, এডিডি ইন্টারন্যাশনাল , বগুড়া জেলা বন্ধন প্রতিবন্ধি সংস্থা , স্পন্দন প্রতিবন্ধি নারী পরিষদ ও এজিডিডি। ড্যান ডাব্লিউ মজিনা বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখেছি , এদেশ কতটুকু সমৃদ্ধ । আমি ভাল আবহাওয়া দেখি, প্রাকৃতিক গ্যাস দেখি , কয়লা দেখি। সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দেখি তা হলো বাংলাদেশের মানুষ। আমি এখানে বিশেষ কিছু কথা বলতে এসেছি। আমি এমন এক মানুষের কথা বলি যে মানুষ মেধা ও যোগ্যতা দিয়ে এদেশ গড়ে তুলবে। বাংলাদেশের সকল মানুষ একসঙ্গে কাজ করবে। তা হলেই আপনারাই মধ্য আয়ের দেশ গড়ে তুলতে পারবেন। সকলে এক সঙ্গে কাজ করে আপনারা সোনারবাংলা দেশ গড়ে তুলবেন। আপনারাই হবেন দক্ষিন এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বাঘ। যে বাঘকে আমি রয়েল বেঙ্গল টাইগার বলি।
এর ড্যান ডব্লিউ মজীনা পাবনা থেকে সড়ক পথে বগুড়া সার্কিট হাউসে ২টা ৪৫ মিনিটে আসেন। সেখানে জেলা প্রশাসক শফিকুল রেজা বিশ্বাস ও পুলিশ সুপার মোজাম্মেল হক এর সাথে কথা বলেন। দীর্ঘ সময় কথা বলে তিনি প্রতিবন্ধিদের কনভেনশনে যান। ড্যান ডাব্লিউ মজিনা রাতে বগুড়ায় অবস্থান করবেন। মঙ্গলবার সকালে তিনি গাবতলীতে যাবেন। সেখান থেকে ঐতিহাসিক মহাস্থান গড় পরিদর্শন শেষে রংপুরের অভিমুখে যাত্রা করবেন।