April 4, 2026
কুয়ালালামপুর থেকে: আলোর মুখ দেখতে শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ‘নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ আবাসন প্রকল্প’। রাজধানীর অদূরে কামরাঙ্গীর চরে এই আবাসন প্রকল্প নির্মাণ হবে মালয়েশিয়ার সহযোগিতায়। মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই দেশটির সরকারের পক্ষ থেকে এই বিশেষ হাউজিং প্রকল্পে সহযোগিতার আশ্বাস পেয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বাংলাদেশ থেকে বেলা সোয়া দশটায় উড্ডয়নের পর স্থানীয় সময় বিকেল চারটায় কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী। কিন্তু নিজেকে বিশ্রামের সুযোগ না দিয়েই সন্ধ্যার আগেই সফরের কার্যসূচিতে ব্যস্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় পৌনে ছয়টায় প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল গ্রান্ড হায়াতের মিটিং রুমে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন মালয়েশীয় প্রধানমন্ত্রীর দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত সামি ভেলু। প্রায় আধাঘণ্টার মত আলোচনায় নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ আবাসন প্রকল্প সহ আরও বেশ কয়েকটি প্রকল্পে মালয়েশীয় সরকারের সহযোগিতার বিশেষ আগ্রহের কথা জানান তিনি। বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী।
বৈঠকের পর সাংবাদিকদের কাছে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, বৈঠকে তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে, প্রথমত রাজধানীর অদূরে কামরাঙ্গীর চরে নিম্ন আয়ের মানুষের জন্য হাউজিং প্রকল্প বাস্তবায়ন, চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েল হ্যান্ডলিং প্রকল্প ও বাংলাদেশ রেলওয়েতে নতুন কোচ সংযোজন। তিনটি বিষয়েই মালয়েশীয় সরকারের বিশেষ দূত তাদের সহযোগিতার সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। শহীদুল হক বলেন, কামরাঙ্গীর চরে বহুতল ভবন নির্মাণ করে নিম্ন আয়ের মানুষের বসবাসের সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অঞ্চলে অন্তত ৪৩টি প্লটে এ ধরনের বহুতল বিশিষ্ট হাউজিং নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি এই হাউজিং প্রকল্পে যেন সহজ ও স্বল্প দামে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ তাদের আবাসন পেতে পারে সে বিষয়েও জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ রেলওয়েতে নতুন ৪শ’টি কোচ সংযোজনের জন্য মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেন সামি ভেলু।
এর আগে কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক উপ-মন্ত্রী হাজি ইসমাইল হাজি আবদুল মুত্তালিব ও মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার একেএম আতিকুর রহমান।