April 5, 2026
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালে সব যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৪ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সাহারা খাতুন অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করার জন্য বিএনপি সরকার আইন করেছিল। সেজন্য আমরা দীর্ঘ ২১ বছর বিচার পাইনি।
অনুষ্ঠানে আগত শিশুদের ধন্যবাদ জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, বর্তমানে শিশুরা পড়ালেখার পাশাপাশি চিত্রাঙ্কন, গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, যা তাদের মেধা বিকাশে সহায়ক।
মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির আলী।