April 27, 2026
সাতক্ষীরা প্রতিনিধি • প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশের মানুষের কল্যাণের জন্য প্রয়োজনে আমি মরতেও প্রস্তুত আছি।” তিনি বলেন, পঁচাত্তরে আমার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছে। দেশের বাইরে থাকার কারণে আমি ও আমার ছোট বোন রেহেনা সেইবার প্রাণে বেঁচে যাই। আমি আমার পিতার মতো দেশের মানুষের কল্যাণ চাই। প্রয়োজনে এর জন্য মরতেও প্রস্তুত আছি। রোববার বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে দুপুর পৌনে ২টার সাতক্ষীরায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধামন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “যারা সাতক্ষীরায় হামলা করেছে, যারা এই সাতক্ষীরাকে রক্তাক্ত করেছে তাদের কারো রেহাই নেই। তাদের বিচার হবেই হবে।”
খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “জামায়াতের ব্যথায় ব্যথিত হয়ে খালেদা জিয়া নির্বাচন প্রত্যাখ্যান করেছেন, নির্বাচনে বাধা দিয়েছেন, হামলা চালিয়েছে। আমরা এসব বাধা উপেক্ষা করে নির্বাচন সফল করেছি।”
এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে সাতক্ষীরাবাসীর মধ্যেও উত্তেজনা বিরাজ করে। সমাবেশস্থলের চারপাশ সাজানো হয় বিভিন্ন পোস্টারে। জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।