May 8, 2026
বগুড়া প্রতিনিধি : সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের সঙ্গে প্রেমের অভিনয় করে আটকে রেখে ১ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ৩ যুবতীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের খান্দার এলাকায় একটি গ্যারেজ থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। উদ্ধার করা হয়েছে সিঙ্গাপুর প্রবাসী যুবক আনোয়ার হোসেনকে (২৯)। আটকরা হলেন- বগুড়া শহরের মালগ্রামের আশরাফুল আলম (২৯), খান্দারের সাখাওয়াত হোসেন পলাশ (৪১), গাবতলীর নদী খাতুন (২৫), সারিয়াকান্দির শিউলী বেগম (২৮) এবং একই এলাকার রত্না খাতুন (১৯)।
স্থানীয় সূত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি জোরগাছা গ্রামের সারোয়ার হোসেনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে আনোয়ার
হোসেন সম্প্রতি দেশে আসেন। পরে নদী নামের এক যুবতীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা। সেই সুবাদে নদীর সঙ্গে দেখা করার জন্য আনোয়ার হোসেন বুধবার সকালে বগুড়া শহরে আসে। এরপর একটি পার্কে তাদের দেখা হওয়ার পর প্রেমিকা নদী অন্যদর সহযোগিতায় আনোয়ার হোসেনকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপন দাবি করেন।
পরে আনোয়ারের পরিবার বিষয়টি পুলিশকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল মাঠে নামে। বিকেল ৪ টার দিকে শহরের খান্দার এলাকায় পলাশের গ্যারেজে আটকে রাখা অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে অপর ৫ জনকে আটক করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আমিরুল ইসলাম জানান প্রেমের অভিনয় করে আনোয়ার হোসেনকে বগুড়া শহরে ডেকে এনে আটকে রেখে মুক্তিপন দাবি করা হয়েছিল। চক্রটি বিভিন্ন সময় প্রেমের অভিনয় করে মানুষকে আটকে রেখে মুক্তিপন আদায় করে থাকে।