February 22, 2026
নেপিতো : বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন কর্মসূচিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন মায়ানমারের অবিসংবাদিত নেত্রী অং সান সুচি। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে মায়ানমারের অনেক কিছু শেখার আছে। বাংলাদেশের জনগণের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন অং সান সুচি। বৈঠকের পর সাংবাদিকদের কাছে দুই নেত্রীর আন্তরিকতাপূর্ণ এসব আলোচনার কথা জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। সোমবার দুপুরে মায়ানমারের জাতীয় সংসদ ভবনে ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সভাপতি, গণতন্ত্রের অবিসংবাদিত নেতা অং সান সুচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে প্রথমে মায়ানমারের প্রেসিডেন্ট থেন সিনের সঙ্গে প্রেসিডেন্ট প্যালেসে বৈঠকের পরপরই সংসদ ভবনে এই বৈঠক হয়। বিমসটেক(বে অব বেঙ্গল মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সোমবার সকালে মায়ানমারের রাজধানী নেপিতো পৌঁছান প্রধানমন্ত্রী। বৈঠকে অং সান সুচি বলেন, বাংলাদেশ ও মায়ানমান দুই দেশই গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এ সময় বাংলাদেশের সামাজিক নিরাপত্তা, গ্রামীণ নারীদের আর্থিক উন্নয়নের কথা উল্লেখ করে সুচি বলেন, এসব কর্মসূচি তাকে অনুপ্রাণিত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ সময় অং সান সুচির দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন ও তার মাধ্যমে অর্জিত সাফল্যের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী মায়ানমারের এই নেত্রীর কাছে আরও বলেন, তার সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নের গুরুত্বারোপ করেছে। গ্রামীণ নারীদের আর্থিক সঞ্চয় ও তাদের ক্ষমতায়নের ওপরও সরকারের রয়েছে বিশেষ গুরুত্ব। সুচি বলেন, এই ধরনের কর্মসূচি তাকে অনুপ্রাণিত করে। আর সে জন্য একই ধরনের উদ্যোগ তিনিও নিয়েছেন।