May 3, 2026
ঢাকা: বিদেশি লিগ থেকেও নিষেধাজ্ঞা উঠতে চলেছে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমনটিই জানিয়েছেন। বোর্ড সভাপতি আইসিসি’র মিটিং শেষে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘ক্রিকেট বোর্ড সাকিবের আচরণে সন্তুষ্ট হয়েছে। আর এক্ষেত্রে সাকিব আপিল করলেই বিদেশি লিগ থেকে তার নিষেধাজ্ঞা উঠে যাবে।’ চলতি বছরের ৭ জুলাই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট বিজ্ঞাপন সাকিব আল হাসানকে দেশের ভেতর ছয় মাস এবং দেশের বাইরে যেকোনো বিদেশি লিগে দেড় বছর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল। সে সময় বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৩১ ডিসেম্বর ২০১৫ সাল পর্যন্ত বিদেশে খেলার জন্য অনুমতি দেয়া হবে না সাকিবকে। সে সময় অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে লন্ডন গিয়েছিলেন সাকিব। ফলে তার উপর নিয়মের বাহিরে এই ধরনের কাজে নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। কিন্তু সম্প্রতি সাকিব মহিমায় বাংলাদেশ চলমান টেস্ট সিরিজ জিতে নেয়। ফলে, তার পারফরমেন্স এবং আচরণে সন্তুষ্ট হয়েছে ক্রিকেট বোর্ড। এর আগে আপিল করায় এবং নিজের ভুল বুঝতে পারায় গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের হয়ে ক্রিকেটে ফিরেছিলেন সাকিব।