February 18, 2026
ঢাকা : পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারসহ আট পরিচালকের পদকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশটি স্থগিত করেছে চেম্বার জজ আদালত। বুধবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন। রোববার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। আদালতে ব্যাংকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার আখতার ইমাম ও সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমদ। এর আগে গতকাল মঙ্গলবার বিচারপতি এম আর হাসানের একক হাইকোর্ট বেঞ্চ পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ অবৈধ ঘোষণা করে আদেশ দেন।
বাকী ৭ পরিচালক হলেন- মোহাম্মদ ফয়জুর রহমান, আহমেদ শফী চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরীফ, সুরাইয়া রহমান এবং আজিজুর রহমান। প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে পূবালী ব্যাংকের পরিচালক নির্বাচনের আগে ব্যাংকের নির্বাচন কমিশন এ আটজনকে পরিচালক পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে। এর বিরুদ্ধে ২০ আগস্ট চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার হাইকোর্টে একটি আবেদন করেন। হাইকোর্ট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ব্যাংকের নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণার আদেশটি স্থগিত করে দেয়।
এরপর ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে এই আটজনসহ মোট ১৩জন পরিচালক নির্বাচিত হন।