পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পাকিস্তান সিরিজ বাংলাদেশকে অনুপ্রেরণা যোগাচ্ছে

Posted on June 9, 2015 | in খেলাধুলা | by

bangladesh-indiaস্পোর্টস করেসপন্ডেন্ট : পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজের পর ভারতের বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে ফতুল্লা টেস্টে ড্র হলেও স্বাগতিকদের জন্য সেটা হবে বড় এক প্রাপ্তি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচটি স্মরণ করে নতুন সম্ভাবনায় বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
ফতুল্লার খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে এ ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি এবং গাজী টেলিভিশন।

সালে এই ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছিল। টেস্টে তখন হার অনেকটা মেনে নিয়েই মাঠে নামত টাইগাররা। কারণ ঐ সময় ভারতীয় দলে তারকা ক্রিকেটারে পরিপূর্ণ ছিল। শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলীর সঙ্গে তুলনা করলে শুধু বর্তমান দলের বিরাট কোহলিকে মানায়।
২০১০ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেবার দুই টেস্টে যথাক্রমে ১০ উইকেট ও ১১৩ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ।
তবে দেখতে-দেখতে গত পাঁচ বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাংলাদেশ দল এখন আর হারার আগে হেরে বসে না। অন্ততপক্ষে টাইগাররা প্রতিপক্ষের বিরুদ্ধে সমান তালে লড়াই করার মানসিকতা নিয়ে খেলতে নামে। তাছাড়া বর্তমানে বাংলাদেশের তামিম-সাকিব-মুশফিককেও ভারতের এই দলের অনেক ক্রিকেটারের চেয়ে এগিয়ে রাখা যায়।
প্রায় ৯ বছর পর ফতুল্লায় টেস্ট ম্যাচ খেলতে নামছে স্বাগতিকরা। ২০০৬ সালে এ মাঠে অস্ট্রেলিযার বিপক্ষে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল টাইগাররা। এবার এই ভেন্যুতে নামার আগে বাংলাদেশের লড়তে হবে প্রচণ্ড গরমের সঙ্গেও। বুধবার তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ভারত র‌্যাংকিংয়ের তিন নাম্বার দল, সেটাও মাথায় রাখতে হচ্ছে তামিম-মুশফিকদের।
তবে মুশফিকদের সাহস জোগাচ্ছে তাদের সাম্প্রতিক ফর্ম। চলতি বছরের শুরু থেকেই অসাধারণ পারফরম্যান্স করছে বাংলাদেশ দল। বিশেষ করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে মুশফিকদের দুর্দান্ত একটি সিরিজ কেটেছে।
পাকিস্তানের পর এবার বাংলাদেশের সামনে সামনে বিরাট কোহলির ভারত। নিজেরা কতটুকু উন্নতি করেছেন ভারতের বিপক্ষে সেটাই দেখানোর অপেক্ষায় আছে মুশফিক বাহিনী। শুরুতেই স্বাগতিক দলের ক্রিকেটারা বলে আসছে ব্যাটিং সহায়ক উইকেট চাই। ভারতের বিপক্ষে ড্র করতে পারলেই খুশি হবেন বলেও জানিছেন সাকিব আল হাসান।
বাংলাদেশের সামনে ভয় এখন পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের বাজে পারফরম্যান্স। ঐ টেস্টে বাংলাদেশ দলকে একজন পেসারের অভাব বেশ ভালোভাবেই ভুগিয়েছে। তবে ফতুল্লার উইকেট এবার ভিন্ন। তাই টেস্ট ম্যাচ শুরুর আগেরদিন (মঙ্গলবার) সকালে স্বাগতিক দলের অনুশীলনের আগেই ভালোভাবে উইকেট দেখে নিলেন অধিনায়ক মুশফিক ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
স্বাগতিক কোচের উপলব্ধি, এমন উইকেট তিনি আগে কখনই দেখেননি। তবে মুশফিক জানালেন এখানে স্পিনাররা সুবিধা পাবেন। অবশ্য কিউরেটরের ধারণা স্পোর্টিং উইকেট হবে। কারণ ফতুল্লার উইকেটে ঘাস আছে, কিন্তু সেগলো মরা ঘাস। এই উইকেটে স্পিনাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন।

বিশেষ করে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম, সাকিব আল হাসান, জুবায়ের হোসেন ও শুভাগত হোম চৌধুরীর মতো চার বিশেষজ্ঞ স্পিনার রয়েছে। এছাড়া নাসির হোসেন, মুমিনুল হকরাও পার্ট-টাইম স্পিনার হিসেবে বোলিং করতে পারবেন।
সাধারণত টেস্ট ম্যাচ ব্যাটসম্যান এবং স্পিনাররা নিয়ন্ত্রণ করে থাকেন। মঙ্গলবার মুশফিকুর রহিমও জানালেন, টেস্ট হতে পারে ব্যাটসম্যান ও স্পিনারদের। স্পিন সুবিধার হিসেব মাথায় রেখে বাংলাদেশ দল ফতুল্লা টেস্টে একজন পেসার নিয়ে মাঠে নামতে পারে। সেক্ষেত্রে সাকিব, তাইজুল, জুবায়েরের সঙ্গে দলে থাকতে পারেন শুভাগত হোমও। বোলিং নিয়ে দুর্বলতা থাকলেও ভারতের শক্তিশালৗ ব্যাটিং লাইনআপের সামনে ২০ উইকেট নেয়ার স্বপ্নও দেখছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশের মূল শক্তির জায়গাটা হচ্ছে ব্যাটিং। দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি। তার সঙ্গী ইমরুল কায়েস পাকিস্তানের বিপক্ষে দেড়শ’ করেছিলেন। এছাড়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুমিনুল হক। টানা ১১ টেস্টে তিনি হাফ সেঞ্চুরি করেছেন। এ ম্যাচে হাফসেঞ্চুরি করলেই টানা ১২ ম্যাচে সেঞ্চুরি করে সবার উপরে থাকা এবি ডি ভিলিয়ার্সকে ধরে ফেলবেন তিনি।
তাছাড়া ব্যাটিংয়ে দারুণ ছন্দে রয়েছেন সাকিবও। ফতুল্লা টেস্টে অভিষেক হতে পারে লিটন কুমার দাসের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে সুযোগ পেয়েছেন তিনি। মুশফিকুর রহিমের আঙুলের ইনজুরির কারণে বুধবার লিটনকেই কিপিং করতে দেখা যেতে পারে। এছাড়া ইনজুরির কারণে মাহমুদউল্লাহ টেস্ট থেকে ছিটকে পড়ায় কিছুটা হোঁচট খেতে হয়েছে স্বাগতিকদের।

তবে আশার কথা হচ্ছে, চোট থেকে ফিরেছেন ডানহাতি পেসার রুবেল হোসেন। স্বাগতিকরা যদি একজন পেসার নিয়ে খেলে সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে হতে পারে আগের সিরিজে অভিষেক হওয়া মোহাম্মদ শহীদেকে।
একমাত্র টেস্টে দু’দলরেই ফিফটি ফিফটি সুযোগ দেখছেন স্বাগতিক অধিনায়ক। মুশফিক বলেন, ‘ভারত শক্তিশালী দল। তারপরও এই সিরিজের সম্ভাবনা সমান-সমান। তাদের ভালো দু’জন স্পিনার রয়েছে। আমাদের ব্যাটসম্যানরা ভালো খেললে দারুণ কিছু হবে।’

এদিকে ভারতের নতুন অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক হতে যাচ্ছে বিরাট কোহলির। যদিও এর আগেও অস্টেলিয়ার বিপক্ষে ধোনির ইনজুরির কারণে কয়েকটি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। মাত্র ৩৩ ম্যাচ খেলা কোহলির বাংলাদেশের বিপক্ষেও প্রথম টেস্ট সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বোলার নিয়ে মাঠে নামতে পারে সফরকারীরা। তবে তাদের তিন স্পিনারের মধ্যে থাকা রবিচন্দন অশ্বিনের সঙ্গে হরভজন বা করন শর্মার মধ্যে একজনকে খেলাতে পারে ভারত। বাংলাদেশের সামনে ভয়ঙ্কর হয়ে দেখা দিতে পারে মুরালি বিজয়, কোহলি ও রায়না। তবে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়কে নিয়েও পরিকল্পনা করেছে ভারত।

ভারতের বিপক্ষে এর আগে টেস্ট খেলেছে বাংলাদেশের এই দলের সাতজন ক্রিকেটার। কিন্ত ভারতের মাত্র তিন ক্রিকেটারের বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তাইতো ভারতের বিপক্ষে আরেকটি ভালো শুরুর অপেক্ষায় টাইগাররা।
সম্ভাব্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, জুবায়ের হোসেন, শুভাগত হোম/মোহাম্মদ শহীদ, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud