March 13, 2026
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনীর পৃথক অভিযানে আধাস্বায়ত্তশাসিত প্রদেশ খাইবারে অন্তত ৫৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আফগানিস্তান সীমান্তে তালেবান অধ্যুষিত এলাকায় বিমান হামলাসহ বিশেষ অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। খাইবারের তিরাহ ভ্যালির তালেবান ঘাঁটিতে অতর্কিত এক অভিযানে অন্তত ৩২ জন নিহত হয়। এ ছাড়া বিমান হামলায় নিহত হয়েছে আরও ১৭ তালেবান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরও ১০ তালেবান সদস্য। পাকিস্তানের পেশোয়ারে আর্মি স্কুলে বর্বর তালেবান হামলার চার দিনের মাথায় এই খবর দিল সেনাবাহিনী। ১৬ ডিসেম্বর ওই হামলায় অন্তত ১৪১ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩১ জনই শিক্ষার্থী। নিহতদের মধ্যে ৯ জন শিক্ষক ও একজন সেনা ছিলেন।