April 29, 2026
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে গতকালের সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে অনুষ্ঠিত ৫ সিটি করপোরেশনের নির্বাচনের চেয়েও গতকালের নির্বাচন অধিক শান্তিপূর্ণ ছিল। বিশ্বের অন্যান্য স্থানের নির্বাচনী গোলযোগের তুলনায় গতকালের ঘটনা ছিল খুবই নগণ্য।
আজ বুধবার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ৩ মাসের অবরোধ ও হরতালে নিহত ব্যক্তিদের স্বজন এবং আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত বাস মালিকদের মাঝে চেক বিতরণকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কখনো বিএনপির মতো একটি কুৎসিত দলকে ভোট দেবে না। তিনি বলেন, ভবিষ্যতে দেশবাসী বিএনপিকে গতকালের সিটি নির্বাচনের মতো প্রত্যাখ্যান করবে।
শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, ‘মানুষ কেন তাদের ভোট দেবে? বরং জনগণ তাদের চিরদিন ঘৃণা করবে। কারণ তারা মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে, জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে এবং মানুষের দুর্ভোগের সৃষ্টি করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক ভোটারের অংশগ্রহণে সুষ্ঠু পরিবেশে গতকালের সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি একটি বা দুটি হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচন বর্জন করতে চেয়েছিল। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার সতর্কতার জন্য তারা এটা করতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে এর আগে অনুষ্ঠিত ৫ সিটি করপোরেশনের নির্বাচনের চেয়েও গতকালের নির্বাচন অধিক শান্তিপূর্ণ ছিল। ২ হাজার ৭ শত’র মধ্যে মাত্র কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত ও কিছু বুথে গোলযোগ হয়েছে।
শেখ হাসিনা বলেন, কেবল মেয়র নয় কাউন্সিলর পদেও সিটি নির্বাচন হয়েছে। এ জন্য কিছু ঘটনা ঘটেছে এবং তা নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। হিসেব করলে দেখা যাবে পূর্ববর্তী নির্বাচন ও বিশ্বের অন্যান্য স্থানের নির্বাচনী গোলযোগের চেয়ে গতকালের ঘটনা ছিল খুবই নগণ্য।
জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে—বিএনপির এই অভিযোগ নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, ভোট দিতে বাধা দেওয়া হলে বিএনপির প্রার্থীরা এত ভোট পেল কীভাবে?
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী আজ ২৫৮টি চেকে মোট ১০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা প্রদান করেন। এর মধ্যে নিহতদের আত্মীয়স্বজন ও আহত ব্যক্তিদের ৮ কোটি ৪১ লাখ এবং ৬৫ জন বাস মালিককে ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়।
এ নিয়ে প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের ৩ মাসের নৃশংসতায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৭৭২টি চেকে ২৫ কোটি ১০ লাখ ১৩ হাজার টাকা প্রদান করেন।