May 26, 2026
স্টাফ রিপোর্টার : নির্বাচনকে নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি রিটার্নিং কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ।
শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চের দক্ষিণ সিটি রিটার্নিং কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।
মিহির সরওয়ার বলেন, ‘সিটি নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন। এ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা হবে। আমরা চাই নির্বাচন নিরপেক্ষ হোক। নির্বাচনী আইন ও বিধি অনুসারে আমরা নির্বাচন পরিচালনা করবো।’
আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে।’
মিহির সরওয়ার জানান, এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭৮ জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা চেয়ে গেছেন।
তিনি জানান, আজ (শনিবার) পর্যন্ত ৩০ জন সম্ভাব্য মেয়র প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এর মধ্যে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১০৪১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এর মধ্যে ২৭ জন মনোনয়ন জমা দিয়েছেন।
আগামীকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। এর মধ্যে সবাই যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র জমা দিতে পারেন সেজন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান মিহির সরওয়ার।
ঘোষিত তফসিল অনুসারে, ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচন আগামী ২৮ এপ্রিল। মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ২৯ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল। প্রত্যাহারের শেষ সময় ৯ এপ্রিল।