পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারায়ণগঞ্জে সাত খুন: র‌্যাবের কর্নেল জিয়াকে জিজ্ঞাসাবাদ

Posted on July 17, 2014 | in জাতীয় | by

narayangonj-abduction-spree-3নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করেছে হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ওই তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লার কক্ষে জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। পরে জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, ‘তারা (তদন্ত কমিটি) যেসব বিষয় জানার প্রয়োজন মনে করেছে, সেগুলো জানিয়েছি।’

তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের তিনজন কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। এ জন্য র‌্যাবের অপারেশনাল হেড হিসেবে তাঁর (জিয়াউল আহসান) বক্তব্য নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য রেকর্ড করা হয়েছে। পর‌্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্ত কমিটি এ পর্যন্ত ৩৫০ জন ব্যক্তির বক্তব্য নিয়েছে বলে জানান শাহজাহান আলী। গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তাঁর চার সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর গত ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, নজরুলসহ অন্যদের র‌্যাব তুলে নিয়ে হত্যা করেছে। এ জন্য আরেক কাউন্সিলর নূর হোসেনসহ কয়েকজনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়েছেন র‌্যাবের কয়েকজন কর্মকর্তা।

নারায়ণগঞ্জের ঘটনায় হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর কমিটি কয়েক দফায় নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ও সিদ্ধিরগঞ্জ বিদ্যুেকন্দ্রের রেস্ট হাউসে গণশুনানি করে। কমিটি ওই সাতজনের লাশ উদ্ধারের স্থান, নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর ব্যাটালিয়ন সদর দপ্তর ও ক্যাম্প অফিস পরিদর্শন করে। ইতিমধ্যে র‌্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক মোহাম্মদ সাঈদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা সাত খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে নারায়ণগঞ্জের আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের তিনজনকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud