May 6, 2026
জেলা প্রতিনিধি: নড়াইলে পুলিশ পরিচয় দিয়ে প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুটে নিয়ে গেছে ডাকাতদল। ডাকাত দলের হামলায় ৩ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চালিতাতলা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চালিতাতলা গ্রামের সুনীল বোসের বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে ১০/১২ জনের একদল ডাকাত পুলিশ পরিচয়ে বাড়িতে ঢোকে। পরে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড়লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে।
এসময় তাদের বাধা দেওয়ায় তারা সুনীল বোস (৮০), নিত্যানন্দ বোস (৪০) ও শংকর বোসকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ।
ডাকাতির বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ডাকাতদলকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।