পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নওগাঁয় নতুন করে ৩৫টি গ্রাম প্লাবিত

Posted on September 26, 2014 | in সারা দেশ | by

timthumb (1)নওগাঁ প্রতিনিধি : জেলার রানীনগর ও আত্রাই উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। আত্রাই উপজেলার মিরাপুর নামক স্থানের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে গত ২৪ ঘণ্টায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বর্তমানে আত্রাই উপজেলার শাহাগোলা, ভোপাড়া, মুনিয়ারী; রানীনগর উপজেলার গোনা, কাশিমপুর, মিরাট ও বড়গাছাসহ সাত ইউনিয়নের ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নওগাঁ-আত্রাই সড়কের ভাঙনের স্থান শুক্রবার সকালে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরি কুবি, সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন চান্দু প্রমুখ। আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেন চান্দু জানান, নওগাঁ-আত্রাই সড়ক ভেঙে দুই দিনে লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিশুদ্ধ পানি, খাবার এমনকী কোনো প্রকার ত্রাণসামগ্রী এখনও বরাদ্দ করা হয়নি। চরম দুর্দশার মধ্যে সেখানকার মানুষ দিনাতিপাত করছেন। তিনি অবিলম্বে আত্রাইকে দুর্গত এলাকা ঘোষণা করে জরুরি ভিত্তিতে ত্রাণ বরাদ্দের আহবান জানান।

এদিকে, রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, উপজেলার বন্যা কবলিত গোনা, কাশিমপুর ও মিরাট ইউনিয়নের জন্য ২০ টন জিআর চাল (গ্রস রিলিফ) বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার ওই তিন ইউনিয়নের বন্যার্তদের মাঝে জিআরের ২০ টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বুধবার সকালে শুরু হওয়া ভাঙনের পর থেকে রানীনগর ও আত্রাই উপজেলার সাত ইউনিয়নের প্রায় আট হাজার হেক্টর জমির আমন ফসল পানিতে তলিয়ে গেছে। গ্রাম ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় তিন লাখ মানুষ এখন পানিবন্দি রয়েছেন। শুক্রবার সকাল থেকে নতুন করে মান্দা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং পানির চাপে নওগাঁ-আত্রাই সড়কের ভাঙা স্থান মেরামতের কোনো উদ্যোগ গ্রহণ না করায় যোগাযোগ ব্যবস্থা এখনও চালু করা সম্ভব হয়নি। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকতার হোসেন জানান, নওগাঁয় ছোট যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে শুক্রবার বিপদসীমার ৪৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১২ ঘণ্টার ব্যবধানে ২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। একইভাবে আত্রাই নদীর পানি এখন বিপদ সীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud