February 18, 2026
মুন্সীগঞ্জে ধর্ষণের পর এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের যথাযথ ধারায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি মো. হাবিবুল গণির হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহিমকে এই আদেশ বাস্তবায়ন করে ১০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনায় ভূমিকা ব্যাখ্যা করতে আগামি ২রা এপ্রিল তাকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের পক্ষে মনজিল মোরসেদের দায়ের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়। ‘শ্রীনগরে অপমানের জ্বালা সইতে না পেরে ধর্ষিতার আত্মহত্যা’ শিরোনামে একটি প্রতিবেদন যুক্ত করে রিট আবেদনটি দায়ের করা হয়। প্রতিবেদনে বলা হয়, ওসি অভিযোগ পাওয়ার পরও ঘুষ নিয়ে ওই মামলা নথিভুক্ত করেননি। ওসির বিরুদ্ধে এ অভিযোগ তদন্তে সাত দিনের মধ্যে বেসামরিক ব্যক্তিদের নিয়ে একটি কমিটি করতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছে আদালত। কমিটিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ধর্ষণের শিকার নারীকে যথাযথ আইনি সুরক্ষা দেয়া ও ধর্ষকের বিরুদ্ধে মামলা দায়েরে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য শ্রীনগর থানার ওসির বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রিটে যুক্ত প্রতিবেদনে বলা হয়, শ্রীনগরে উপজেলার পূর্ব বাড়ৈখালীর এক কলেজ ছাত্রীকে গত ১২ই ফেব্রুয়ারি ধর্ষণ করে প্রতিবেশী সালাম শেখ (৫২)। স্থানীয় ইউপি সদস্য জাহের মোড়ল ও কালাম তিন লাখ টাকা জরিমানা করে ধর্ষককে ছেড়ে দেন। পরদিন কালামের সহায়তায় ধর্ষকের ছেলে ধর্ষিতার বাবাকে এলাকা ছেড়ে যেতে হুমকি দেয়। হুমকির দুই দিন পর মেয়েটি আত্মহত্যা করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।