April 21, 2026
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মহল ধর্মীয় উন্মাদনা ও মিথ্যা প্রচার চালিয়ে অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। সকালে ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে তিনি একথা বলেন। এ সময় সেনাসদস্যদের অবসরের বয়সসীমা বাড়ানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।.
গত ৫ই মে রাজধানীর মতিঝিল এলাকায় হেফাজত ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যা ঘটেছিল তা নিয়ে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি, জামায়াত ও হেফাজত শত শত কোরান শরিফ পুড়িয়ে কিভাবে ইসলামের হেফাজত করবে সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদের মিনার নির্মাণসহ ইসলাম ধর্মের প্রচার-প্রসারে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করেছে। প্রধানমন্ত্রীর দরবারে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপোযোগী করতে অনেক সরঞ্জাম কেনা হয়েছে। একই সাথে সেনা সদস্যদের কল্যাণে বর্তমান সরকারের উদ্যোগগুলো তুলে ধরেন তিনি।
সেনাবাহিনীতে অফিসারের পাশাপাশি সৈনিক পদে নারীদের নিয়োগ দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে, সেনাবাহিনীর নবগঠিত ৯৯ কম্পোজিট ব্রিগেডের পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। নির্মানাধীন পদ্মাসেতুর নিরাপত্তাসহ নির্মান কাজ তত্ত্বাবধানে নতুন এই ব্রিগেড কাজ করবে।
২টি পদাতিক ইউনিট ও একটি ইঞ্জিনিয়ার কনসট্রাকশন ব্যাটেলিয়ন নিয়ে ব্রিগেটটি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্বকে বাংলাদেশের সামর্থ দেখিয়ে দিতে চায়।