April 28, 2026
ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে আরও অন্তত ১০ বছর খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একইসঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপ খেলতে চান বলেও জানিয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা এক স্ট্যাটাসে সাকিব এ প্রত্যাশা ব্যক্ত করেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে লন্ডনে যাওয়া সাকিবকে বিসিবির দেশে ফিরে আসার নির্দেশ ও দেশের হয়ে আর খেলবেন না বলে সাকিবের দেওয়া হুমকির প্রেক্ষিতে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতেই রোববার দেশে ফিরেছেন এ তারকা ক্রিকেটার। দেশে ফিরেই সাকিব দাবি করেন, বোর্ডের সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে। এরপর বিকেলে জাতীয় দলের এ তারকা ক্রিকেটার তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আমি সব সময় দেশের হয়ে খেলতে চাই। অন্তত আরও দশ বছর জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। আইপিএল জিতে বাংলাদেশে এসে আমি বলেছি, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই। এতেই আমার দেশের হয়ে খেলার ব্যাপারে ধারণা নিতে পারেন।’ তিনি তার স্ট্যাটাসে যোগ করেন, ‘অনেকেই মনে করেন আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নেবো।
কিন্তু সত্য হলো, আমি ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে চাই।’ সম্প্রতি অনাপত্তিপত্র না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে লন্ডন যাওয়ার কারণে সাকিবকে ফিরে আসার নির্দেশ দেয় বিসিবি। পাল্টা সিপিএল খেলতে না দিলে দেশের পক্ষে না খেলার হুমকি দেন সাকিব। তবে বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, আকরাম খানের মৌখিক অনুমতি নিয়ে আমি দেশ ছেড়েছিলাম। এটা একটা ভুল বোঝাবুঝি। বিসিবির নির্দেশ পেয়ে সিপিএল না খেলেই দেশে ফিরে এসেছি। এ সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে বক্তব্যও দেন সাকিব। তিনি বলেন, ‘আমি কোনো ভুল করিনি। বোর্ডের সঙ্গে ভুল বুঝাবুঝি থেকে সমস্যা তৈরি হয়েছে। বোর্ডের সঙ্গে আলোচনা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।’ এর আগে, শনিবার সাকিব তার নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘এখন আমি বাংলাদেশে ফেরার পথে। দেশে ফিরে আমি আমার অবস্থান পরিষ্কার করব ইনশাল্লাহ।’ তারও আগে তিনি টুইট করেছিলেন, ‘আমি সব কিছু শুনেছি, দেখছি এবং অপেক্ষা করছি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা উভয় পক্ষের কথা না শুনে আগে থেকে কোনো মন্তব্য করবেন না।’ এ ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শনিবার সাংবাদিকদের বলেন, সাকিবের এসব কর্মকাণ্ড আর সহ্য করা হবে না।